তদন্ত সংস্থা পুনর্গঠন একজন বাদ, যুক্ত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের (ট্রাইব্যুনালস) তদন্ত সংস্থা পুনর্গঠন করেছে সরকার। বিভিন্ন অভিযোগ ওঠায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তির কারণে সংস্থার সদস্য ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) খসরুল হককে বাদ দেওয়া হয়েছে। সংস্থায় জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান নিয়োগ পেতে যাচ্ছেন। একই সঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক সানাউল হককে তদন্ত সংস্থার অন্যতম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা ও গতি আনতে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। জানা গেছে, গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত সংস্থার পুনর্গঠন-সংক্রান্ত একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সই করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত সংস্থা পুনর্গঠনের পর মোট তদন্ত কর্মকর্তার সংখ্যা ২০ জনে উন্নীত হলো। এর আগে সংস্থায় ১৯ জন সদস্য ছিলেন। একজন বাদ ও দুজন যুক্ত হওয়ায় তদন্ত সংস্থার কাজে গতি আসবে, এমন দাবি করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।জানা গেছে, গত জুলাই মাসে খসরুল হককে নিয়োগ দেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তবে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই কর্মকর্তা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা হয়েছিল। জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, খসরুল হককে বাদ দেওয়া যেতে পারে। এর আগে সংস্থার আরেক তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীন ছাত্রজীবনে ইসলামি ছাত্রসংঘের কর্মী ছিলেন, এমন অভিযোগ আনা হয়। গত বছরের ৫ মে তিনি পদত্যাগ করেন। প্রস্তাবে হান্নান খান ও সানাউল হককে নিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এই দুই কর্মকর্তা নিয়োগর জন্য সুপারিশ করেছেন।এর আগে কোনো তদন্ত কর্মকর্তা নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়নি। যেহেতু এবার একজন কর্মকর্তাকে বাদ দেওয়া হচ্ছে, সেহেতু সব কর্মকর্তার নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়ে সংস্থা চূড়ান্তভাবে পুনর্গঠন করা হচ্ছে। জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম এ প্রসঙ্গে গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত সংস্থার পুনর্গঠনের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি আরও বলেন, বর্তমানে ১৩ জন তদন্ত কর্মকর্তা সক্রিয় রয়েছেন। বাকি কর্মকর্তারা বিভিন্ন কারণে তদন্তে সহায়তা করতে পারছেন না। জানতে চাইলে তদন্ত সংস্থার সমন্বয় ও তদারকির দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, একজন কর্মকর্তাকে তদন্ত সংস্থা থেকে বাদ দিতে হয়েছে। আর জনবলসংকট দূর করতে নতুন দুজন সদস্য নেওয়া হয়েছে। আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান তিনি। গত ২৫ মার্চ সাতজন সদস্য নিয়ে তদন্ত সংস্থাটি গঠন করা হয়। পর্যায়ক্রমে সংস্থায় ১৯ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সদস্যদের মধ্যে সামসুল আরেফিন কাজে যোগ দেননি। মীর শহিদুল ইসলাম যোগদানের পরদিন চলে যাওয়ার পর আর অফিসে আসেননি। নুরুল ইসলাম এএসপি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে বদলির আদেশ পেয়েছেন।