মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভায় তাঁরা এই ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা সুনির্দিষ্টভাবে সংস্থার কাজের অগ্রগতি জানতে চান। সভার সঙ্গে যুক্ত একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য জানিয়েছে।গত বছরের ২৫ মার্চ যাত্রা শুরু করে তদন্ত সংস্থা। আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং অন্যদের মধ্যে আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা সূত্র জানায়, সভায় তদন্ত সংস্থার পক্ষ থেকে বিভিন্ন দাবি জানিয়ে বলা হয়, তাঁদের গাড়ি নেই, কাগজ নেই, বড় হলরুম নেই, আসামিদের নিরাপত্তা হেফাজতখানা নেই, বিশেষজ্ঞ গবেষক নেই, তথ্য-প্রমাণ সংগ্রহে বিদেশ যাওয়ার প্রয়োজন হলেও তা হচ্ছে না, আন্তর্জাতিক মানের ল্যাব নেই। এ সময় আইনমন্ত্রী সংস্থার কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক বছরের মাথায় এসে এসব কথা শুনতে প্রস্তুত নয় সরকার। তিনি তদন্তের অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য সংস্থাকে উপস্থাপন করতে বলেন। এতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অগ্রগতি হয়েছে। আগামী ২৬ মার্চের আগেই কিছু দৃশ্যমান করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এমন কথা জনসমক্ষে বহুবার বলা হয়েছে। তাই এসব কথার ওপর কোনো বিশ্বাস নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য যা প্রয়োজন, সবই করা হচ্ছে। কিন্তু মানুষ দৃশ্যমান ব্যবস্থা দেখতে চায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও একই ধরনের কথা বলেন।আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একপর্যায়ে অন্য একটি সভায় যোগ দেওয়ার জন্য বৈঠক ত্যাগ করলে সভাপতিত্ব করেন আইন প্রতিমন্ত্রী। তিনিও সংস্থার কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, তদন্তে অগ্রগতি রয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে আশাব্যঞ্জক কিছু ফল পাওয়া যাবে।জানা যায়, ১০ ফেব্রুয়ারির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল আইন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চারটি পাজেরো জিপ ও পুলিশের চারজন চালক তদন্ত সংস্থাকে দেওয়া হয়।সূত্র জানায়, বৈঠকে সংস্থাকে সহায়তা করতে পুলিশের ২০ জন কর্মকর্তা ও ১০ জন কনস্টেবল নিযুক্ত করার সিদ্ধান্ত হয়। পুলিশের ২০ কর্মকর্তার মধ্যে ১০ জন পরিদর্শক ও ১০ জন উপপরিদর্শক (এসআই)। আসামিদের নিরাপত্তা হেফাজতখানা হিসেবে আপাতত পুলিশের মহাপরিদর্শকের পদমর্যাদাপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরীর বর্তমান বাসা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর জন্য অন্য একটি বাসা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্র আরও জানায়, তদন্ত সংস্থার সমস্যার কথা শুনে বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, এই বিচারের জন্য যা প্রয়োজন তা সরবরাহ করা হবে। কিন্তু এক বছরের মাথায় এসে সংকটের অজুহাতে কোনোক্রমেই বিচারকাজ বিলম্বিত বা ব্যাহত হতে পারে না।বৈঠকের বিষয়ে জানতে চাইলে তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘তদন্তে অগ্রগতি রয়েছে। পথ অনেক লম্বা, তাই কম সময়ে পাড়ি দেওয়া সম্ভব নয়।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম বলেন, ট্রাইব্যুনাল প্রস্তুত। তদন্ত সংস্থার প্রতিবেদন পেলেই তাঁরা কাজ শুরু করতে পারবেন।