তদন্ত সংস্থার জন্য ৩৩৪ জনের জনবল কাঠামো প্রস্তাব
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত আরও গতিশীল ও বিস্তৃত করতে ৩৩৪ জনের জনবল কাঠামো প্রস্তাব করেছে ওই অপরাধের তদন্ত সংস্থা। প্রস্তাবে দেশের বৃহত্তর ১৯টি জেলায় সংস্থার শাখা কার্যালয় স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি সরকারি অনুমোদনের অপেক্ষায় আছে।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, সংস্থাটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সাংগঠনিক কাঠামো প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদন হলে সংস্থাটি একটি উন্নত ও সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে।আবদুল হান্নান খান জানান, এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের চার শতাধিক অভিযোগ রয়েছে। এ সংখ্যা ক্রমে বাড়ছে। একটি স্থায়ী কাঠামো না হলে এত অভিযোগের তদন্ত করা সম্ভব নয়।জানা গেছে, গত ২৬ অক্টোবর তদন্ত সংস্থার জনবল কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করে স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এ সংস্থার অধীনে বর্তমানে মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ তদন্তাধীন। দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩৭০টি অভিযোগ তদন্তের অপেক্ষায়। এরই মধ্যে অবশ্য সীমিত জনবল নিয়ে সংস্থাটি সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে। এ পর্যায়ে সংস্থাটিকে কাঠামোবদ্ধ করা জরুরি।গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুসারে সরকার মানবতাবিরোধী অপরাধ তদন্তে এ সংস্থা গঠন করে। তবে এখন পর্যন্ত এর কোনো সাংগঠনিক কাঠামো নেই। সাতজন কর্মকর্তা নিয়ে কাজ শুরু করা তদন্ত সংস্থায় বর্তমান কর্মকর্তার সংখ্যা ১৯। তা ছাড়া সংস্থার স্থায়ী পরিবহনব্যবস্থা না থাকায় গাড়ি ভাড়া করে তদন্তের কাজ চালাতে হয়।প্রস্তাবিত জনবল কাঠামোয় তদন্ত সংস্থাকে কয়েকটি ভাগ করা হয়েছে। প্রথম ভাগে একটি আইনি ও কার্যপ্রণালি ইউনিট এবং একটি গবেষণাকেন্দ্রের কথা বলা হয়েছে। এই ইউনিটের অধীনে থাকবে সাক্ষী হোস্টেল, জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত স্থান (সেফ হোম), তদন্তকারী সাতটি দল ও গ্রন্থাগার। গবেষণাকেন্দ্রটি তদন্তের জন্য আনুষঙ্গিক গবেষণা করবে ও তথ্যপ্রযুক্তিগত সহায়তা দেবে।দ্বিতীয় ভাগে রয়েছে হিসাবরক্ষণ বিভাগ, সংস্থার প্রধান কার্যালয়ের জন্য নারী তদন্তকারী কর্মকর্তা ও জেলা কার্যালয়গুলো। এখানে দেশের ১৯টি বৃহত্তর জেলায় তদন্ত সংস্থার শাখা কার্যালয় খোলার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুসারে, মাঠপর্যায়ের অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত ওই সব শাখা কার্যালয় সম্পন্ন করবে। এর মধ্যে জটিল ও গুরুত্বপূর্ণ অভিযোগগুলো শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।তদন্ত সংস্থার তৃতীয় ভাগ বিবিধ কার্যক্রম পরিচালনা করবে। এ বিভাগ তদন্তের জন্য দরকারি বিভিন্ন উপকরণ সংগ্রহ, সরবরাহসহ বিবিধ কাজ করবে।জনবল কাঠামোর সঙ্গে সংস্থার আনুষঙ্গিক উন্নয়নে স্থায়ী পরিবহন, আসবাবপত্র ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত জনবলের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ বছরে প্রায় ছয় কোটি ৬৩ লাখ টাকা প্রয়োজন হবে।