মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করেছে সরকার। সংস্থায় জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল হান্নান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) সানাউল হককে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের সই করা প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। পুনর্গঠিত তালিকায় সংস্থার সদস্য ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) খসরুল হকের নাম উল্লেখ করা হয়নি। সূত্র জানায়, বিভিন্ন অভিযোগ ওঠায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তির কারণে সংস্থার সদস্য ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) খসরুল হককে বাদ দেওয়া হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত সংস্থা পুনর্গঠনের পর তদন্ত কর্মকর্তার সংখ্যা ২০ জনে উন্নীত হলো। গত ২৫ মার্চ সাতজন সদস্য নিয়ে তদন্ত সংস্থাটি গঠন করা হয়। পর্যায়ক্রমে সংস্থায় ১৯ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সদস্যদের মধ্যে সামসুল আরেফিন কাজে যোগ দেননি। মীর শহিদুল ইসলাম যোগদানের পরের দিন চলে যাওয়ার পর আর অফিসে আসেননি। নুরুল ইসলাম এএসপি পদে পদোন্নতি পেয়ে বদলির আদেশ পেয়েছেন।