তদন্তকারী কর্মকর্তাকে খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। পরে তদন্তকারী কর্মকর্তাকে এ মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেরা শুরু হয়। ২৪ নভেম্বর বাকি জেরার জন্য দিন ধার্য করা হয়েছে।
ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশীদকে জেরা করেন। পরে তারেক রহমানের পক্ষে তাঁকে জেরা শুরু হয়। জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর রমনা থানায় এ মামলা করে। এতে অভিযোগ করা হয়, খালেদা জিয়া ও অন্য আসামিরা দুর্নীতির মাধ্যমে জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাৎ করেছেন।
এ মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমান ছাড়াও অন্য আসামিরা হলেন কাজী সালিমুল হক, শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।