তদন্তকারী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি পরিবারের
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছে নিহত চারজনের পরিবার। তাঁদের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল আদালতে ত্রুটিপূর্ণ অভিযোগপত্র দাখিল করেছেন। তবে মামুনুর রশিদ এ দাবিকে অযৌক্তিক বলেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের ভাড়া বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও শ্বশুর শহীদুল ইসলাম, তাজুলের মা তাসলিমা বেগম, মনিরুজ্জামান স্বপনের ছোট ভাই মিজানুর রহমান ও লিটনের বড় ভাই রফিকুল ইসলাম।
গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনের নাম রয়েছে।
সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল একটি মামলা করেন। নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় করা মামলায় নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, হাসমত আলী, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেনকে আসামি করেন। গতকাল আদালতে দাখিল করা অভিযোগপত্রে নূর হোসেন ছাড়া বাকি পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সেলিনা ইসলাম দাবি করেন, হত্যাকাণ্ডের ১৫ দিন আগে তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন অভিযোগপত্র থেকে বাদ দেওয়া পাঁচজন। তাঁর দাবি, শুধুমাত্র নূর হোসেনের পরিকল্পনায় এ ঘটনা ঘটানো সম্ভব নয়। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, ওই পাঁচজনকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। রাজনৈতিক প্রভাবের কারণে তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে কোনো কথা বলেননি।
অভিযোগপত্র নিয়ে হতাশা প্রকাশ করেন নিহত তাজুলের মা তাসলিমা বেগম। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের আট দিন আগে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া তাঁর ছেলেকে হত্যার হুমকি দিয়েছিলেন। নিহত লিটন ও মনিরুজ্জামানের ভাইও অভিযোগপত্রটি ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি মামুনুর রশিদ মন্ডল প্রথম আলোকে বলেন, তাঁদের এ দাবি অযৌক্তিক। এজাহারভুক্ত পাঁচ আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই মামলায় তাঁরা জড়িত এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি বাদীও এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারেননি।
গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়।