দীর্ঘ ২৩ বছর ধরে চলা চট্টগ্রামের সন্দ্বীপের গাড়োয়ান হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সন্দ্বীপ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ এইচ এম মান্নান সাক্ষ্য দেন।
গত ২০ আগস্ট প্রথম আলোয় ‘২৩ বছর ধরে মামলা, বাদী শয্যাশায়ী, মারা গেছেন তিন আসামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক বিচারিক সম্মেলনে সন্দ্বীপের ওই হত্যা মামলা নিয়ে আলোচনা হয়। মামলাটি দীর্ঘ সময়েও নিষ্পত্তি না হওয়ায় গত ৮ আগস্ট বিচারকের কাছে কারণ ব্যাখ্যা চান হাইকোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেন।
১৯৯৩ সালের ৬ আগস্ট সন্দ্বীপের কচুয়াখালী এলাকায় আক্কাস উদ্দিন নামের এক যুবককে টাকা চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। আক্কাস গরুর গাড়ি চালাতেন।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অজয় বোস প্রথম আলোকে বলেন, ১২ বছর আগে অবসরে যান মামলাটির তদন্তকারী কর্মকর্তা এ এইচ এম মান্নান। সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য সমন ও পরোয়ানা জারি করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে তদন্তকারী কর্মকর্তা হাজির হয়ে রোববার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
সরকারি কৌঁসুলি জানান, মামলার ২৫ সাক্ষীর মধ্যে তদন্তকারী কর্মকর্তাসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেন। আগামী বৃহস্পতিবার আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা ও যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি আরও বলেন, সাক্ষীদের বেশির ভাগই নিরুদ্দেশ হয়ে গেছেন। নদীভাঙনে অনেকে এলাকা ছেড়ে চলে যান। এসব কারণে অনেককে পাওয়া যায়নি।