তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আজ রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। এ আদালতে রাজন হত্যা মামলার বিচারকার্য চলছে। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার সাক্ষ্য দেবেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ বলেন, কামরুলকে ইন্টারপুলের মাধ্যমে সৌদি আরব থেকে গত বৃহস্পতিবার রাতে সিলেট আনা হয়। কামরুলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার মহানগর হাকিম আদালত-২-এ হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ অন্য আসামিদের সঙ্গে কামরুলকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করে আদালতকে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে জানানো হবে।
রাজনের পরিবারের নিযুক্ত আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার মোট ৩৮ সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ-প্রক্রিয়া শেষ হওয়ার কথা।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদ দিয়ে কুমারগাঁও বাসস্টেশনে একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।