
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার সর্বশেষ অবস্থা জানাতে তদন্ত কর্মকর্তাকে ৫ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে র্যাবের মহাপরিচালককে (ডিজি) বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার তিন আসামির জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।
সাগর-রুনি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম। ওই মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে ১০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়। এই তিন আসামি গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্টে জামিনের আবেদন করেন। এই আবেদনের শুনানিকালে আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম মাসুদ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।
আসামিপক্ষের আইনজীবী এস এম মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, দুই বছরেও মামলার অভিযোগপত্র দাখিল করা হয়নি। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ নেই। আদালত মামলার তদন্তের অবস্থা জানাতে ৫ মার্চ র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। র্যাবের ডিজিকে ওই কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। আসামিদের জামিনের আবেদন বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।
প্রথমে এ মামলার তদন্ত শুরু করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬২ দিনের মাথায় (২০১২ সালের ১৮ এপ্রিল) হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় র্যাব। তারা ভিসেরা পরীক্ষার জন্য সাগর-রুনির লাশ কবর থেকে তোলে। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত দম্পতির শিশুপুত্র মাহীর সরওয়ারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশন আর রুনির কর্মস্থল এটিএন বাংলার কার্যালয়ে গিয়েও খোঁজাখুঁজি হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শতাধিক ব্যক্তিকে।
২০১২ সালের মাঝামাঝি থেকে র্যাব বলা শুরু করে, নিরাপত্তাকর্মী এনামুল গ্রেপ্তার হলেই সব রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এনামুলকে ধরতে ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। গত বছরের ৯ ফেব্রুয়ারি এনামুল গ্রেপ্তার হলেও তাঁর কাছ থেকে কোনো তথ্যই মেলেনি বলে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। বস্তুত, এর পর থেকেই র্যাবের আর কোনো দৃশ্যমান তত্পরতা নেই। র্যাব এখনো আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার না করলেও হাল ছেড়ে দিয়েছেন কর্মকর্তারা।
র্যাব ও ডিবির তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি লাশ উদ্ধারের পরপরই সাগর-রুনির মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে ডিবির তদন্তকারী দলটি একজনকে সম্ভাব্য খুনি হিসেবে সন্দেহ করে। এরপর তারা তাদের সেই সন্দেহকে পোক্ত করতে কাজ করেছে এবং ভেবেছে, তারা মামলার প্রায় সুরাহা করে ফেলেছে। পরে দেখা গেছে, তাদের ওই সন্দেহই ভুল। এই ভুল সন্দেহের পেছনে ছুটতে গিয়ে সম্ভাব্য অন্য সূত্রগুলো আর খতিয়ে দেখা হয়নি। কর্মকর্তাদের মতে, প্রথমে অতি আত্মবিশ্বাস থেকে কর্মকর্তারা তদন্তের সাধারণ কৌশলগুলোকেও গুরুত্ব দেননি। নিহতদের ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়নি, যথাযথভাবে সংরক্ষণ না করায় হত্যাকাণ্ডস্থল থেকে ফরেনসিক-বায়োমেট্রিক আলামতও সংগ্রহ করা যায়নি। প্রথম সন্দেহ ব্যর্থ হচ্ছে দেখে হত্যাকাণ্ডের তিন দিন পর কর্মকর্তারা চুরি বা ডাকাতি সন্দেহ করে তদন্ত শুরু করেন।
সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী এনামুল, পলাশ রুদ্র পাল এবং নিহত দম্পতির বন্ধু তানভীর রহমান। এঁদের মধ্যে প্রথম পাঁচজনই গত বছরের আগস্টে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিত্সক নারায়ণ চন্দ্র হত্যার ঘটনায় র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন। কর্মকর্তারা জানান, এই আটজনের কারও বিরুদ্ধে সাগর-রুনি হত্যায় জড়িত থাকার ন্যূনতম প্রমাণও মেলেনি। কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি। এঁদের পাঁচজন নিতাই হত্যা মামলার আসামি হলেও পলাশ ও তানভীর ২০১২ সালের সেপ্টেম্বর থেকে কারাভোগ করছেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করা হয়।