তদন্তকালে প্রাপ্তবয়স্কের জামিনের এখতিয়ার শিশু আদালতের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় করা মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে এমন সিদ্ধান্ত এল

শিশু আইনের মামলা বিচারে যাওয়ার আগে শিশু ছাড়া অন্য কোনো অভিযুক্তের জামিন আবেদন শুনানির এখতিয়ার শিশু আদালতের নেই বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৯ জুলাই এ রায় দেন। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

আদালত বলেছেন, ২০১৩ সালের শিশু আইনের মামলায় প্রাপ্তবয়স্ক অপরাধীর জামিন আবেদন পরিচালনার বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট বিধান নেই। এ ক্ষেত্রে শিশু আইনের মামলা তদন্তাধীন থাকা অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ও ৪৯৭ ধারার বিধান প্রযোজ্য হবে।

আইনজীবীরা বলেছেন, এর অর্থ শিশু আইনের মামলা বিচারপূর্ব পর্যায়ে অভিযুক্ত শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের জামিন আবেদন শিশু আদালত শুনানি করতে পারবেন না।

যে ঘটনার সূত্র ধরে সিদ্ধান্ত এল

শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় করা মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে এমন সিদ্ধান্ত এসেছে।

গত ৩০ জানুয়ারির ওই ঘটনায় নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে আসামি করে এক শিক্ষার্থীর অভিভাবক শিশু আইনে থানায় মামলা করেন। চাঁদপুরের শিশু আদালত ২৯ মার্চ নূর হোসেন পাটোয়ারীর জামিন মঞ্জুর করেন। এই জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বাদী। ২৫ এপ্রিল হাইকোর্ট রুল দেন, সেই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে শিশু আদালতের বিচারককে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশ দেন।

বিচারকের ব্যাখ্যা ও নিষ্পত্তি

ব্যাখ্যায় শিশু আদালতের বিচারক বলেন, শিশু আইনের ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকলে যেকোনো আইনের অধীনে হোক না কেন ওই মামলা বিচারের এখতিয়ার শিশু আদালতের থাকবে। আইনের ২ ধারায় ‘বিচার’ শব্দটির সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় আইনের ১৭(১) উপধারার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বিশ্বাস করেন শিশু আইনে করা মামলায় যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রাথমিক এখতিয়ার কেবল শিশু আদালতের, অন্য কোনো আদালতের নয়। বিভিন্ন বিধান তুলে ধরে ব্যাখ্যায় শিশু আদালতের বিচারক আরও বলেন, তদন্ত পর্যায়ে শিশু আইনে করা মামলায় প্রাপ্তবয়স্ক আসামির জামিন শুনানির এখতিয়ার কেবল শিশু আদালতের।

এই ব্যাখ্যা নাকচ করে দিয়ে হাইকোর্ট রায়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে যেখানে ক্ষতিগ্রস্ত শিশু এবং সাক্ষী শিশু, সে ক্ষেত্রে অভিযুক্ত প্রাপ্তবয়স্ক হলে বিচারপূর্ব পর্যায়ে শিশু আদালতের জামিন আবেদন গ্রহণের এখতিয়ার আছে কি না, সে প্রশ্নটি এসেছে। শিশু আদালতের অধিবেশন ও ক্ষমতাসংক্রান্ত শিশু আইনের ১৭ ধারা তুলে ধরে হাইকোর্ট রায়ে বলেন, ১. আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকলে, যেকোনো আইনের অধীনে হোক না কেন, ওই মামলা বিচারের এখতিয়ার কেবল শিশু আদালতের থাকবে। আইনের এই বিধানটি পড়লে এটি পরিষ্কার যে বিধানটি কেবল বিচার সম্পর্কিত। এই বিধান শিশু আদালতের বিচার পরিচালনার এখতিয়ার নিশ্চিত করেছে, যেখানে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ অর্থাৎ কোনো শিশু যদি অপরাধী হয় এবং ‘আইনের সংস্পর্শে আসা শিশু’ অর্থাৎ কোনো শিশু অপরাধের শিকার বা সাক্ষী হলে।

রায়ে বলা হয়, চাঁদপুরের শিশু আদালতের বিচারক আইনবহির্ভূতভাবে জামিনের আবেদন গ্রহণ করেন, যেখানে অভিযুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং তাঁকে জামিন দেওয়া হয়। মামলাটি ছিল তদন্ত পর্যায়ে। ঘটনা ও পারিপার্শ্বিকতায় বর্তমান মামলায় অভিযুক্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন আত্মসমর্পণ করেন, তখন মামলাটির রেকর্ড ছিল চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে। চাঁদপুরের শিশু আদালতের বিচারক আইনের গুরুতর ভুল প্রয়োগ করেছেন এবং এখতিয়ারের বাইরে একজন প্রাপ্তবয়স্ক অভিযুক্তের জামিন আবেদন গ্রহণ করেন।