তদন্তভার গোয়েন্দা পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের শীর্ষস্থানীয় ছয় কর্মকর্তার বাসভবনে ডাকাতির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার বা লুণ্ঠিত কোনো মালামাল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় গতকাল মামলাটি কোতোয়ালি থানার পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। কিছুটা অগ্রগতিও আছে। আশা করছি, শিগগিরই একটা ফলাফল পাওয়া যাবে।’গত মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরের সিআরবি এলাকায় পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপকসহ ছয়জন কর্মকর্তার বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা এসব বাসা থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পূর্বাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় কোতোয়ালি থানার এসআই নেজাম উদ্দিনকে।