তদন্তভার নিল সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউধা হত্যা মামলা
রাউধা হত্যা মামলা

রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মালদ্বীপের মডেলকন্যা রাউধা আথিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তভার বুঝে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার তদন্ত কর্মকর্তা ও রাজশাহী সিআইডির পরিদর্শক আসমাউল হক জানান, গতকাল শনিবার তাঁরা শাহ মখদুম থানা থেকে হত্যা মামলার নথিপত্র বুঝে নিয়েছেন। এখন রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের কাছে থাকা অপমৃত্যুর মামলার নথিপত্র তাঁদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নথিপত্র এলে মামলাটি হত্যা মামলার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তখন দুই মামলা একত্রে তদন্ত করবে সিআইডি।

এদিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাউধার ব্যবহৃত মুঠোফোন ও ল্যাপটপ সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে জানিয়ে আসমাউল হক বলেন, এগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠিয়েছেন হত্যা মামলার আগের তদন্ত কর্মকর্তা আনোয়ার আলী। তিনি আরও বলেন, ‘রাউধার মৃত্যুর ঘটনার বেশ কিছু আলামত গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে আছে। সেগুলো বুঝে পেলে পুরোদমে তদন্তকাজ শুরু হবে। এখন আমরা মামলা-সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত খতিয়ে দেখছি।’

গত ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে নগরের শাহ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা করে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন ও কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে রাউধা ‘আত্মহত্যা’ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

তবে রাউধার বাবা মোহাম্মদ আথিফ এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে উল্লেখ করে গত সোমবার রাজশাহীর আদালতে অভিযোগ দায়ের করেন তিনি। আদালত সেটি এজাহার হিসেবে গ্রহণ করে শাহ মখদুম থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর হত্যা মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশনা দেয়।