রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ গফুরের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেছেন সংস্থার নির্বাহী কমিটির সদস্যরা। গতকাল শনিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে ২৭ সদস্যের নির্বাহী কমিটির ২০ জন সদস্য এ দাবি জানান। এতে জানানো হয়, গত বছর জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তে গফুরের অনিয়ম প্রমাণিত হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে লিখিত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবুল হাসেম। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এম এ গফুর সংস্থার তহবিল থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। স্টেডিয়ামের ১৬ শতাংশ খালি জায়গা জাল দলিলের মাধ্যমে বিক্রি করেছেন। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) আতাহার হোসেন তদন্ত করে এসব অনিয়মের প্রমাণ পেয়েছেন। তিনি ২০০৯ সালের ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এম এ গফুর রংপুর ব্যায়ামাগার বন্ধ রেখে সেখানে একটি গুদাম করে সেটি টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ব্যবহার করতে দিয়েছেন। এতে সেখানে কোনো খেলার আয়োজকেরা যাচ্ছে না। এ ছাড়া এম এ গফুর স্টেডিয়ামে তালা ঝুলিয়ে দেওয়ায় সেখানে চলতি বছরের ৩ এপ্রিল অনূর্ধ্ব-১৬ ফুটবল ক্যাম্প অনুষ্ঠিত হতে পারেনি। একইভাবে ক্রিকেট গার্ডেনের ফটকে ও ড্রেসিংরুমে তালা ঝুলিয়ে দেওয়ায় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট ক্যাম্পের অনুশীলনও হয়নি।আবুল হাসেম লিখিত বক্তব্যে বলেন, এম এ গফুরের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে জেলার খেলাধুলা বন্ধ হয়ে গেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ না করলে ক্রীড়া সংস্থার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থার কোষাধ্যক্ষ বিপ্লব প্রসাদ ও সদস্য আহসান হাবিব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোয়াজ্জেম হোসেন, শুভ রঞ্জন, আলমগীর হোসেন, আহসান হাবীব, শামীম খান ও আখলাকুর রহমান।জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে এম এ গফুর প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তাঁরা তাঁদের দাবি জানাতে পারেন। এতে কোনো আপত্তি নেই।’ টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা হবে।’ স্টেডিয়ামে তালা মেরে রাখার বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে রাজ হননি।