তদন্তে অনীহা পুলিশের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাখলুকুর রহমান
মাখলুকুর রহমান

ময়নাতদন্ত প্রতিবেদনের দোহাই দিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাখলুকুর রহমান ওরফে মুরাদ হত্যা মামলাটির তদন্তে পুলিশ অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেছে পরিবার। ঘটনার পাঁচ মাস পার হতে চললেও এ ঘটনায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদও করেনি।
তদন্তে পুলিশের অবহেলার অভিযোগ এনে গত ১২ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কাছে একটি লিখিত আবেদন করেছে মাখলুকুরের পরিবার। স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালীর পুলিশ সুপারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর মামলাটি পটুয়াখালীর গোয়েন্দা পুলিশের কাছে স্থানান্তর করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়, ফুসফুসসহ শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অংশ সংকীর্ণ ছিল।
পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে কোনো মন্তব্য না করায় ডানে বা বাঁয়ে কোনো দিকেই যেতে পারছি না। হত্যা নিশ্চিত না হয়ে তো আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না।’
মাখলুকুর সাভারের গণস্বাস্থ্যকেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (মেডিসিন) সহকারী রেজিস্ট্রার ছিলেন। গত বছরের ৫ ডিসেম্বর গণস্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন চিকিৎসকের সঙ্গে তিনি পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসাসেবা দিতে যান। সেখানে ৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার পর থেকে তিনি নিখোঁজ হন। ৮ ডিসেম্বর একটি বাড়ির পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শুরু থেকেই মাখলুকুরের পরিবার হত্যার অভিযোগ করলেও গলাচিপা থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়। গত ১৫ জানুয়ারি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাখলুকুরের মামা আজগর আলী খান বাদী হয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের উপপরিচালক মিজানুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে ওই থানায় হত্যা মামলা করেন।
জানতে চাইলে ময়নাতদন্তকারী দলের সদস্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক সোহেল মাহমুদ বলেন, ‘সাধারণত পানিতে পড়ে মৃত্যু হওয়া লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে আমরা মৃত্যুর কারণ ও ধরন উল্লেখ করি না। একজন মানুষ নিজেই পানিতে পড়ে মারা যেতে পারেন অথবা কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে৷’ তবে তিনি বলেন, সাধারণত পানিতে পড়ে কেউ মারা গেলে ফুসফুসে পানি থাকার কথা। মাখলুকুরের ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি রহস্যজনক।
মাখলুকুরের বাবা মোহাম্মদ আলী মিয়া বলেন, শুরু থেকেই গণস্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন ময়নাতদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল। এ কারণে ঢাকা মেডিকেলে লাশের ময়নাতদন্ত করা হয়। এখন ময়নাতদন্ত প্রতিবেদনের পর পুলিশ ‘পানিতে পড়ে মৃত্যু’ বলে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, স্বার্থসংশ্লিষ্ট শত্রুতার জেরে মাখলুকুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ও দাগ ছিল।
সচল ছিল একটি মুঠোফোন: মাখলুকুরের স্ত্রী শাকিলা আক্তার বলেন, মাখলুকুর দুটি মুঠোফোন ব্যবহার করতেন। নিখোঁজের পর একটি মুঠোফোন বন্ধ ও আরেকটি খোলা পাওয়া যায়।
মাখলুকুরের মামা রাহুল হোসেন খান বলেন, পুলিশ খোলা মুঠোফোন নম্বরটি ট্র্যাক করে ফোনের অবস্থান ঢাকার ইসলামপুরে বলে জানিয়েছিল। কিন্তু লাশ পাওয়া গেল গলাচিপায় পুকুরে। লাশ উদ্ধারের পর মাখলুকুরের প্যান্টের পকেটে দুটি মুঠোফোনই পাওয়া যায়। সেগুলো ছিল বন্ধ। অথচ একটি সিমে যথারীতি কল যাচ্ছিল। সিম মুঠোফোন থেকে খোলার পরও কল করলে রিং হচ্ছিল। এভাবে বেশ কয়েক দিন রিং হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যায়।
রাহুল বলেন, এ বিষয়ে তাঁর পরিচিত মুঠোফোন কোম্পানির এক কর্মকর্তা তাঁকে জানিয়েছেন, সিমটি ক্লোন করা হতে পারে। যোগাযোগ করা হলে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোনো অসাধু উদ্দেশ্যে হ্যাকাররা সিম ক্লোনিং করে থাকে। সিম ক্লোনিং হচ্ছে, একই নম্বরে আরও কয়েকটি সিম বের করা। এতে সব কটি সিম সচল থাকে। যদিও বাংলাদেশে এ ঘটনা বিরল। তবে পটুয়াখালীর এসপি বলেন, ভুলবশত একটি মুঠোফোনের অবস্থান ইসলামপুরের কথা বলা হয়েছিল। কারিগরি কোনো কারণে মুঠোফোন বন্ধ থাকা সত্ত্বেও রিং হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জানতে চাইলে মামলার আসামি গণস্বাস্থ্যকেন্দ্রের উপপরিচালক চিকিৎসক মিজানুর রহমান বলেন, গলাচিপায় পৌঁছার পর মাখলুকুর একটু ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। এরপর তাঁর কোনো খোঁজ ছিল না। চিকিৎসকদের সঙ্গে মাখলুকুরের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা পটুয়াখালী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফরুল হাসান বলেন, মামলাটি অত্যন্ত সূক্ষ্ম বলে তদন্ত শ্লথগতিতে চলছে৷ তবে কিছু অগ্রগতিও আছে৷