বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) বিভাগের গুদাম থেকে প্রায় পাঁচ টন পুরোনো রেলপাত পাচারের চেষ্টায় ঘটনা তদন্তে ঢিলেমির অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁদের অসহযোগিতার কারণে রেলের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ ঘটনায় মামলা চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি সকালে ওই গুদাম থেকে প্রায় পাঁচ টন পুরোনো রেলপাত চুরি করে পাচারের সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এগুলো আটক করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই প্রকৌশলী আবদুর রশিদসহ তিনজনকে আসামি করে মামলা করেন নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আলী। এ নিয়ে ১৭ জানুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার দিন দুপুরে প্রকৌশলী আবদুর রশিদকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আহমেদুল্লাহ্। ঘটনার পরদিন প্রকৌশলী আবদুর রশিদ বগুড়ার বিচারিক হাকিমের আদালত থেকে জামিন নেন।রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মাহাবুবুল আলম বলেন, রেলপাত পাচারের চেষ্টার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ওই কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।রেলওয়ে সান্তাহার নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আবু হেনা শাহ অভিযোগ করেন, মামলা পরিচালনার ক্ষেত্রে তাঁর দপ্তর রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না। এমনকি ওই বিভাগের কোনো তদন্ত দল তাঁদের কাছে আসেনি।