সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে ভূমি আত্মসাতের অভিযোগে করা দুটি মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে আরও এক মাস সময় চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গতকাল সোমবার সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে পিবিআই। তাদের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাইফুজ্জামান হিরো তদন্ত প্রতিবেদন আগামী ২৫ মে দাখিল করার নির্দেশ দিয়েছেন।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ পিবিআইয়ের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও আদালতের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করায় ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি তদন্ত করে এর সত্যতা পায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাই সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়। পরবর্তী সময়ে পুলিশ তদন্ত করে ২০১০ সালের ২৮ অক্টোবর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে মামলা দুটি সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়।
উচ্চ আদালতের এ নির্দেশনার বিষয়ে ১৬ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতকে অবহিত করলে ২২ মার্চ আদালত এক আদেশে কোতোয়ালি থানা-পুলিশকে তদন্ত করে ৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ওই দিন আদালত এক আদেশে মামলা দুটির তদন্তভার পিবিআইকে দিয়ে ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।