
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যপুস্তকে ভুলত্রুটি নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সরকার গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও সাত কর্মদিবস বৃদ্ধি করা হয়েছে। আগের সময় অনুযায়ী গতকাল রোববার প্রতিবেদন দেওয়ার কথা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য গতকাল প্রথম আলোকে বলেন, তাঁরা চাইছেন ভুল ও ভুলের জন্য যারা প্রকৃতপক্ষেই দায়ী, তারা যেন চিহ্নিত হয়। সে জন্য তদন্তে কিছুটা সময় নিচ্ছেন।
চলতি বছরের পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থাকায় এবং বর্ণ শেখাতে অসংলগ্ন উদাহরণ দেওয়ায় ব্যাপক সমালোচনা চলছে। এ ছাড়া কয়েকটি পাঠ্যপুস্তক থেকে আলোচিত কিছু লেখকের কিছু গল্প-কবিতা বাদ দেওয়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত ৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। পরে কমিটিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকেও সদস্য করা হয়।