চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় করা মামলার তদন্তে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চেয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান সপ্তাহ খানেক আগে সহায়তা চেয়ে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলে চিঠি পাঠান।
মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ মামলায় গ্রেপ্তার ছয়জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের জিজ্ঞাসাবাদে এবং জবানবন্দিতে উঠে এসেছে, লন্ডনপ্রবাসী বাংলাদেশি ফজলু মিয়া ও বকুল মিয়া এবং ভারতীয় নাগরিক মো. রাজু চালানটি চট্টগ্রাম বন্দরে পাঠান। তাঁরা চালানটি খালাসের জন্য ই-মেইলে ও ফোনে গ্রেপ্তার আসামি গোলাম মোস্তফা, মেহেদি আলম ও মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ সূত্র জানায়, ফজলু মিয়া, বকুল মিয়া ও মো. রাজুর বিষয়ে তথ্য জানতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আসামিরা ফজলু মিয়া, বকুল মিয়া ও মো. রাজু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি। গত দুই মাসে তাঁদের সম্পর্কে কোনো তথ্য বের করা যায়নি। এ জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, তদন্তের জন্য ওই তিনজন সম্পর্কে তথ্য জানা জরুরি। তথ্য পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত হয়।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।