খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সেই কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ে তদন্তে এসে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম নিজেই হতবাক হয়েছেন। গত ২৯ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলার চট্টগ্রাম পাতায় ‘বিদ্যালয়টি যেন শিশু কারাগার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে ৩০ অক্টোবর তিনি বিদ্যালয়টি সরেজমিনে তদন্ত করেন।তদন্তে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের খাবার পরিবেশনসহ সব অভিযোগের সত্যতা পান। বিদ্যালয়ে এসে তিনি পাঠদান ছাড়া শিক্ষার্থীদের সরকারিভাবে যেসব সুবিধা দেওয়া হচ্ছে, তার কোনো নথিপত্র পাননি। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম কান্তি চাকমা জানান, খাদ্য তালিকা ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারিভাবে কী কী সুবিধা পাবে, তার কোনো কাগজপত্র তাঁদের দেওয়া হয়নি।মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তদন্তে বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পেয়েছি। আমি বিদ্যালয়ের সমস্যা সমাধানে একটি সুপারিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠিয়েছি।’