তদন্তে কপোতাক্ষের বুকে বাঁধ নির্মাণ ও পুকুর খননের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিডিএমপি কর্তৃপক্ষের এ স্থানে প্রকল্প নেওয়া ঠিক হয়নি। খালি চোখেই দেখা যায়, পুকুর খনন করা হয়েছে কপোতাক্ষের মধ্যে।’ গত রোববার সরেজমিনে তদন্ত শেষে ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আতিকুর রহমান প্রথম আলোকে এসব কথা বলেন।হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে কপোতাক্ষ নদের প্রায় মাঝখান দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি বাঁধের পাশে পুকুর খনন ও কবরস্থান নির্মাণের কাজ চলছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের আওতায় এ কাজ করা হচ্ছে। এ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কপোতাক্ষের বুকে ৭ কি.মি. বাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সাতক্ষীরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর রোববার সকালে মো. আতিকুর রহমান (ত্রাণ প্রশাসন) সরেজমিনে তদন্ত করেন। তদন্তে প্রতিবেদনের সত্যতা পান তিনি। তিনি জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।সিডিএমপির কার্যালয় থেকে জানা গেছে, ইউনিয়নের কানাইদিয়া এলাকায় এক কোটি তিন লাখ ৩৫ হাজার ১৫৫ টাকা ব্যয়ে সাড়ে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ২০০ ফুট প্রস্থের একটি পুকুর, একটি কবরস্থান ও প্রায় সাড়ে ৭ দশমিক ২৫ কিলোমিটার লম্বা বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এ কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে।যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, তাঁদের না জানিয়ে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কপোতাক্ষ নদ খননের জন্য এরই মধ্যে সরকার ২৬১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। কপোতাক্ষ নদের ভেতর বাঁধ নির্মাণ ও পুকুর খনন করা হলে প্রকল্পটি বাধাগ্রস্ত হবে।