গ্রাহকের সঙ্গে বিদ্যুৎ কার্যালয়ের কর্মীর দুর্ব্যবহারের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয় ঘেরাওয়ের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত সংবাদ প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত এ কমিটি গঠন করেন। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত বলেন, ‘গ্রাহকের সঙ্গে পল্লী বিদ্যুৎ কর্মীর দুর্ব্যবহারের অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসীর অভিযোগ, চাটখিল পৌর এলাকার এক গ্রাহক গত বুধবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত বিদ্যুৎ কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও কার্যালয় দুই ঘণ্টা ঘেরাও করে রাখে।