তদন্তে কালক্ষেপণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছাত্রলীগ নেতা আল আমিন হত্যার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র তিন মাসেও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ৷ আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ অভিযোগপত্র দাখিল করতে কালক্ষেপণ করছে বলে আল আমিনের পরিবার অভিযোগ করেছে৷

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে গত ৮ মার্চ আল আমিন খুন হন৷ আল আমিনের বাবা শ্রীপুর পৌর শহরের উজিলাবো গ্রামের বাসিন্দ​া আবুল হোসেন অভিযোগ করেন, আসামিরা প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় পুলিশ তদন্ত শেষ করতে বিলম্ব করছে৷ এ কারণে হত্যাকাণ্ডের তিন মাস পরেও তারা (পুলিশ) আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি৷ আল আমিন শ্রীপুর পৌর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ছিলেন৷

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন ও বর্তমান চেয়ারম্যান আবদুল জলিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হওয়া ছাত্রলীগ নেতা আল আমিনকে (২০) গুরুতর অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়৷ এক দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আল আমিন হত্যার ঘটনায় তাঁর বাবা আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া হামলা ও সংঘর্ষের ঘটনায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন একটি এবং শ্রীপুর থানার এসআই কবির হোসেন আরেকটি মামলা দায়ের করেন৷ এর মধ্যে হত্যা মামলায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনসহ ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়ের করার পর পুলিশ উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান ইকবাল হোসেন ওরফে সবুজের বাসায় অভিযান চালায়। তাঁরা ওই বাসা থেকে একটি শটগানসহ শাহজাহান খান ওরফে কামরুল ও মাসুম খানকে গ্রেপ্তার করে।

অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করার অভিযোগ অস্বীকার করে গাজীপুর জেলা ডিবির ওসি আবুল খায়ের বলেন, ওই দিনের ঘটনায় পুলিশের একটিসহ তিনটি মামলা হয়েছে। তিনটি মামলার দায়িত্বই পেয়েছে ডিবি। তিনটি মামলার তদন্ত শেষ করতে কিছুটা সময় বেশি লাগছে। এ ছাড়া মামলার সাক্ষীরা পুলিশের সামনে ঘটনার সাক্ষ্য দিচ্ছে না৷ এ কারণে আদালতে অভিযোগপত্র দেওয়া যাচ্ছে না৷