তদন্তে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগগুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসন এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানা গেছে।ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান অভিযোগ করেন, পিআইও আবেদ আলী বিভিন্ন প্রকল্পের অনুকূলে বরাদ্দ চাল ও গম থেকে প্রতি টনে দুই হাজার টাকা ঘুষ আদায় করছেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগও করা হয় ওই সভায়।সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান চৌধুরীকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটির প্রধান গত বৃহস্পতিবার সরেজমিনে ধামরাই গিয়ে বিষয়টি তদন্ত করেন। ওই দিন তদন্ত শেষে জিল্লুর রহমান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তদন্তে কিছু কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ প্রসঙ্গে পিআইও আবেদ আলী প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।’ জানতে চাইলে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পিআইওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’