আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য গঠিত তদন্ত সংস্থার কাজে সমন্বয়ের অভাব নেই। তদন্তকাজে অধিকতর সমন্বয় ও গতিশীলতা আনতে প্রধান সমন্বয়কারী হিসেবে পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।গতকাল সোমবার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, তদন্তকাজ সঠিক ও সুষ্ঠুভাবে চলছে। তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল এ লক্ষ্যে একত্রে কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাসময়ে বিচারকাজ শুরু হবে। প্রধান সমন্বয়কারী হিসেবে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগির এ নিয়োগ দেবে—এমন আশাবাদ ব্যক্ত করে শফিক আহমেদ বলেন, এ নিয়োগের ফলে তদন্তকাজে অধিকতর সমন্বয় ও গতিশীলতা আসবে। তিনি বলেন, সুষ্ঠুভাবে বিচার করার জন্য সরকার আন্তরিক। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার হচ্ছে না। আইনের শাসনে যারা বিশ্বাসী, তারা চায় বিচারটি হোক।