তদন্তে গতি নেই, কিনারাও হচ্ছে না হত্যারহস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বছরের মার্চে সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ খুন হন। এক বছরেও আলোচিত এই হত্যা মামলার কোনো কিনারা হয়নি। একইভাবে কিনারা হয়নি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম এবং ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহর ব্যক্তিগত সহকারী আমির হোসেন হত্যা মামলারও।
এসব মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। তদন্তেও তেমন অগ্রগতি নেই।
ফজলুল করিমকে গত বছরের ২৯ আগস্ট সকালে দুর্বৃত্তরা রামপুরার বাসায় ঢুকে গুলি করে হত্যা করে। এর আগে ৯ জুলাই রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশের সড়কে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে আমির হোসেনকে হত্যা করা হয়। খিলক্ষেতে রেললাইনের পাশ থেকে গত বছরের ৮ মার্চ গভীর রাতে মিরাজের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফজলুল করিম হত্যার ঘটনায় তাঁর জামাতা চৌধুরী মকিমউদ্দিন রামপুরা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু পাঁচ মাসেও এই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যারহস্যও উদ্ঘাটিত হয়নি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ফজলুল করিম হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণগুলো তদন্ত করা হচ্ছে।
আহমেদ মিরাজ হত্যার ঘটনায় সংগীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ খিলক্ষেত থানায় মামলা করেন। এই মামলা সিআইডি তদন্ত করছে।
আহমেদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের এক বছর পার হলেও তদন্তকারীরা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি আক্ষেপ করে বলেন, ‘অনেক বিষয়ে আমি পুলিশকে তথ্য দিয়েছি। প্রায় প্রতিদিন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের ঘটনার রহস্য উদ্ঘাটন করছে। অথচ এ ঘটনার কোনো কারণ জানতে পারলাম না।’
আহমেদ ইমতিয়াজ বলেন, ‘আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। এ কারণেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তাও নিশ্চিত নই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার পেতে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব।’
মিরাজ হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, হত্যাকাণ্ডের নিশ্চিত কোনো সূত্র (ক্লু) পাওয়া যায়নি। মিরাজের মুঠোফোনে যাদের সঙ্গে কথা হয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে ক্রেডিট কার্ড ছিনতাই করতে না পেরে দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে কি না, সেটিও যাচাই করে দেখা হচ্ছে।
তবে আহমেদ ইমতিয়াজ বলেন, ছিনতাইকারীদের হাতে মিরাজ খুন হতে পারেন না। কারণ, তাঁর সঙ্গে থাকা মুঠোফোন, টাকা ও ক্রেডিট কার্ড ছিনতাই হয়নি।
একইভাবে প্রায় সাত মাসেও কোনো অগ্রগতি নেই আমির হোসেন হত্যা মামলারও। সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থেকে তাঁকে স্টেডিয়ামের পূর্ব পাশের সড়কে ফেলে দেওয়ার পর হাতে, পায়ে ও মাথায় জখমপ্রাপ্ত অবস্থায় তাঁকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আমিরের স্ত্রী নাসরিন আক্তার কারও নাম উল্লেখ না করে পল্টন থানায় হত্যা মামলা করেন। এ মামলারও তদন্ত করছে ডিবি। সম্প্রতি এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোসলেম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাদী নাসরিন আক্তার অভিযোগ করেন, তদন্তে পুলিশের কোনো আগ্রহ নেই। সাংসদের আস্থাভাজন হওয়ায় কিংবা রাজনৈতিক কারণে প্রতিপক্ষ তাঁর স্বামীকে খুন করেছে। বিচার পাওয়ার আশা তিনি ছেড়ে দিয়েছেন। তাঁর সন্দেহ, হত্যাকাণ্ডের পেছনে মোসলেমের হাত রয়েছে।
অবশ্য মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সরোয়ার হোসেন বলেন, মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিপুল পরিমাণ সরকারি খাসজমি (ভাওয়াল রাজার এস্টেট) ঘনিষ্ঠজনদের নামে লিজ এনে দেওয়ার জন্য সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহ দায়িত্ব দিয়েছিলেন আমিরকে। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।