তদন্তে গাফিলতি ছিল, এসআই প্রত্যাহার
>
- গত ৪ মার্চ ধর্ষণ মামলা হয়।
- ধর্ষণ মামলার তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ।
- গত বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিউটি আক্তার (১৬) ধর্ষণ ও হত্যার ঘটনায় গঠিত পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার গাফিলতি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।
ধর্ষণ মামলার তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ ওঠার পর গত বৃহস্পতিবার হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আ স ম শামছুর রহমান ভূঞা প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা জাকির হোসেনের নানা গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। গত ৪ মার্চ ধর্ষণ মামলা হয়। এর আট দিন পর তিনি নিহত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করান। এ ছাড়া আসামি ধরার ক্ষেত্রে তাঁর গাফিলতি ছিল। যে কারণে তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়েছে।
এদিকে ধর্ষণ মামলায় শারীরিক পরীক্ষার প্রতিবেদন ২১ দিনেও মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ বেশ আগেই প্রতিবেদন পাঠানোর দাবি করলেও হবিগঞ্জ আদালত ও শায়েস্তাগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পৌঁছায়নি। বিউটির বাবা সায়েদ আলী বলেন, ‘মামলার অগ্রগতির বিষয়ে খোঁজ নিলেই পুলিশ বলে ডাক্তারের প্রতিবেদন আসেনি। যে কারণে তদন্তকাজ থেমে আছে।’
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. বজলুর রহমান দাবি করেন, পরীক্ষার সপ্তাহখানেক পরই তাঁরা প্রতিবেদন আদালত ও শায়েস্তাগঞ্জ থানায় ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন। তবে হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, শারীরিক পরীক্ষার কোনো প্রতিবেদন তাঁরা পাননি। একই কথা জানান শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানও।
শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তার গত ২১ জানুয়ারি অপহরণ ও ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বিউটির বাবা বাদী হয়ে প্রতিবেশী বাবুল মিয়া (৩৫) ও তাঁর মা ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য কলম চান বিবিকে আসামি করে ৪ মার্চ হবিগঞ্জ আদালতে মামলা করেন। ১২ মার্চ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে বিউটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
মামলা প্রত্যাহারের জন্য বিউটির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। এতে শঙ্কিত হয়ে ১৩ মার্চ বিউটিকে তার নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার গনিপুর গ্রামে পাঠানো হয়। কিন্তু ১৭ মার্চ দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ থানার ছাতাগর্ত হাওরে বিউটির মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ১৮ মার্চ অভিযুক্ত বাবুল মিয়া, তাঁর মা কলম চান বিবিসহ ছয়জনের নামে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বিউটির বাবা হত্যা মামলা করেন। প্রধান আসামি বাবুল মিয়াকে গত শুক্রবার রাতে র্যাব-৯ সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করে।