তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তদন্তে কোনো গাফিলতি থাকলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খানের উদ্দেশে বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির মামলার শুনানিকালে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসব কথা বলেন।

বেসিক ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে করা দুই মামলায় ব্যাংকটির তখনকার মহাব্যবস্থাপক ও ব্রাঞ্চ ইনচার্জ জয়নাল আবেদীন চৌধুরীর জামিনের বিরুদ্ধে দুদকের করা পৃথক আবেদন (লিভ টু আপিল) গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য ছিল। তিন সদস্যের আপিল বেঞ্চ ওই আসামির জামিন স্থগিতের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৮ অক্টোবর পরবর্তী দিন রেখেছেন।

আইনজীবী সূত্র বলেছে, ২৬ কোটি ও ৪৮ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের ২৪ ও ২৭ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় আটজন করে আসামি রয়েছে। এতে বলা হয়, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার করে আসামিরা অর্থ আত্মসাৎ করেছেন। ওই দুই মামলায় জয়নাল আবেদীন চলতি বছরের ২৫ মে হাইকোর্ট থেকে জামিন নেন। এই জামিন স্থগিত চেয়ে দুদক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে গত ১৭ জুলাই আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরপর ১০ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ নথিপত্রসহ মামলা তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে বলেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি ওঠে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জয়নাল আবেদীনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

শুরুতে খুরশীদ আলম খান বলেন, এটি বেসিক ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া সম্পর্কিত মামলা। প্রধান বিচারপতি বলেন, ‘অভিযোগ দেখান।’ তখন আইনজীবী খুরশীদ আলম খান এজাহার থেকে অভিযোগের অংশ পড়ে শোনানো শুরু করেন। একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, কাদের কাদের জড়িত করা হয়েছে ও আসামি কে কে? তখন খুরশীদ আলম খান এজাহার থেকে আট আসামির নাম পড়ে শোনান। প্রধান বিচারপতি বলেন, ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদের সদস্যদের নাম কি আছে? জবাবে খুরশীদ আলম খান বলেন, ব্যবস্থাপনা পরিচালককে আসামি করা হয়েছে।

শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা কোর্টের সমালোচনা করেন, সুপ্রিম কোর্ট জনগণের শেষ আশ্রয়স্থল। এর মর্যাদা সমুন্নত রাখতে হবে।’ শুনানিকালে দুদকের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা অর্থ আদায় করুন।’ জবাবে খুরশীদ আলম খান বলেন, ‘অর্থ আদায় করা আমাদের আইনে নেই।’ প্রধান বিচারপতি বলেন, ‘যাঁরা চেয়ারম্যান ও বোর্ড অব ডাইরেক্টর তাঁরা যেন অর্থ আদায় করে দেন, সে জন্য দুদক চেয়ারম্যানকে বলেন। ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা কোথায়? তাঁদের নাম এখানে নেই?’ এ সময় খুরশীদ আলম খান বলেন, তদন্ত চলছে, এখনো শেষ হয়নি। অভিযোগপত্র দাখিল হয়নি। সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে আসতে পারে। এই পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যদি তদন্তে কোনো গাফিলতি দেখি, তাহলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চার্জশিট আসা পর্যন্ত মামলা মনিটরিংয়ের মধ্যে রাখছি।’

শুনানির একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, ‘ঋণ আবেদনটি সুপারিশ ছাড়া কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। এতে আমার অপরাধ কোথায়?’ এই আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি হলফনামা আকারে এই বক্তব্য দাখিল করেন।’ তখন খুরশীদ আলম খান বলেন, এজাহারে তাঁর (জয়নাল) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পরে আদালত আদেশ দিয়ে ৮ অক্টোবর দিন রাখেন।