বরগুনার আমতলী উপজেলা শহরে বোমা উদ্ধারের ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগ এনে গতকাল শুক্রবার সেখানে আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগ আকস্মিক এ হরতালের ডাক দেয়।বৃহস্পতিবার সকালে উপজেলার ছুরিকাটা গ্রামে কৃষক জলিল মিয়ার বাড়ি থেকে পুলিশ ও র্যাবের সদস্যরা চারটি তাজা বোমা উদ্ধার করেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বোমার বিস্ফোরণ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা সফরে আসার আগে ওই ঘটনা ঘটে। হরতাল সফল করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমতলী শহরে সকাল থেকেই রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তাঁরা মিছিল করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও বোমা উদ্ধারের মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল জলিলের অপসারণ দাবি করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার অভিযোগ করেন, বোমা উদ্ধারের ঘটনায় আটক জলিল মিয়া (৩০) ও তাঁর শাশুড়ি সেলিনা বেগমকে (৬০) সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছিল। পরে তাঁদের পুলিশ আবার ধরে আনে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জলিল ও সেলিনাকে ছেড়ে দেওয়ার খবর সত্য নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল জলিল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোমার বিষয়ে বিস্তারিত কোনো তথ্যই ওই দুজনের কাছ থেকে পাওয়া যায়নি। থানায় জলিল মিয়া বলেন, ‘বোমা বিস্ফোরণ ও উদ্ধারের সময় আমি মাঠে ছিলাম। বাড়িতে লোকজনের হট্টগোল শুনে গিয়ে ঘটনা জানতে পারি। কারা এই বোমা রেখে গেছে, তা আমরা জানি না।’সেলিনা বেগম বলেন, ‘বাবা, আমরা নিরীহ মানুষ। পুলিশ কেন যে আমাগো আটকে রাখছে, বলতে পারি না।’