তদন্তে গড়িমসি, আসামি ধরছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ও মামলার বাদী মহুয়া নূর। গতকাল শুক্রবার বড়াইগ্রামের বনপাড়ায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।মহুয়া নূরের অভিযোগ, সানাউল্লাহকে হত্যার ৫০ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলার প্রধান আসামি আওয়ামী লীগের নেতা জাকির হোসেনসহ ৭১ জনকে এখনো গ্রেপ্তার করেনি। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র চারজন। প্রধান আসামিসহ অন্যরা এত দিন পালিয়ে থাকলেও এখন তাঁরা বনপাড়াতেই অবস্থান করছেন। এ ব্যাপারে পুলিশকে খবর দিলে তারা শুধু বলে, ‘দেখছি’। কিন্তু তারা আসামি ধরছে না। মহুয়া আরও অভিযোগ করেন, ৯ নভেম্বর ঢাকার ন্যাম ফ্ল্যাটে একজন সাংসদের বাড়ি থেকে বের হওয়ার সময় মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম ওরফে মিঠু, লুৎফর রহমান ওরফে বাবু ও বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁদের তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরদিন সকাল নয়টায় তদন্ত কর্মকর্তা আসামিদের পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে নিয়ে যান। রিমান্ড পুরো না করেই তদন্ত কর্মকর্তা কিছুক্ষণ পর আসামিদের জেলহাজতে ফেরত পাঠান। তদন্ত কর্মকর্তার এই উদাসীনতা নজিরবিহীন।মহুয়া নূর সাংবাদিকদের বলেন, এলাকাবাসী সানাউল্লাহ হত্যার দ্রুত বিচার চায়। অথচ ৫০ দিনেও তদন্ত কর্মকর্তা মামলার প্রত্যক্ষ সাক্ষীদের জবানবন্দি নেননি। ঘটনার সময় সানাউল্লাহর রাজনৈতিক সহকর্মীরা সরাসরি ঘটনা দেখেছেন এবং ঘাতকদের আঘাতে আহত হয়েছেন। অথচ তাঁদেরও সাক্ষ্য নেওয়া হয়নি। এ অবস্থায় তদন্ত কবে শেষ হবে, তা-ও অনিশ্চিত।মহুয়া নূর অভিযোগ করেন, অজ্ঞাত স্থান থেকে আসামিদের পক্ষ হয়ে কে বা কারা তাঁকে হুমকি দিচ্ছে এবং বলছে, মামলা নিয়ে বাড়াবাড়ি করলে স্বামীর পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার স্বামীর হত্যাকারীরা আওয়ামী লীগের নেতা-কর্মী হওয়ায় পুলিশ তাঁদের সুবিধা দিচ্ছে। আমার আশঙ্কা, এই সরকারের সময় স্বামী হত্যার ন্যায়বিচার পাব না। তবু ন্যায়বিচারের আশা করছি।’ সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের বনপাড়ায় উপস্থিতি সম্পর্কে তাঁর স্ত্রীর অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া বাজার ও বাইপাস মোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যবসায়ী। তাঁরা বলেন, সন্ধ্যার পর বাজারে কয়েকজন আসামিকে কিছুক্ষণের জন্য চা খেতে দেখা যায়।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ‘যথানিয়মে মামলার তদন্ত এগোচ্ছে। একটি স্পর্শকাতর হত্যা মামলার তদন্তে তড়িঘড়ি করা ঠিক হবে না ভেবে স্বাভাবিক গতিতে তদন্ত করা হচ্ছে। আমরা আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’বনপাড়ায় আসামিদের উপস্থিতি সম্পর্কে এসআই হান্নান বলেন, ‘এটা ঠিক না। কারণ বনপাড়ায় আমাদের সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। আসামিদের দেখামাত্র গ্রেপ্তার করা হবে।’প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সন্ত্রাসীদের হামলায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর নিহত হন। এ ব্যাপারে তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। ২৮ অক্টোবর তিনি আরও ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন। এসব আসামির মধ্যে মাত্র চারজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।