তদন্তে তেমন অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার তদন্ত চলছে। তবে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তেমন কোনো অগ্রগতির কথা জানা যায়নি।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গুলশানে হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গির সবাই মারা গেছেন। এই কারণে তাঁদের হাতে জোরালো সূত্র কম। তবু বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করা জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য, জব্দ করা আলামত ও জিম্মিদশা থেকে উদ্ধার ব্যক্তিদের তথ্য থেকে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজা হচ্ছে।

তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র বলেছে, গুলশানে হামলার পরিকল্পনাকারীদের অন্যতম কানাডাপ্রবাসী তামিম চৌধুরী বলে মনে করছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি বাংলাদেশে অবস্থান করতে পারেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। কয়েক দিন ধরে তাঁকে গ্রেপ্তারে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি।

গতকাল পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত রায়হান কবির ওরফে তারেক গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন। গুলশানে হামলাকারীদের কারও কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আশুলিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে খোঁজা হচ্ছিল।

এদিকে ২৭ দিন ধরে পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে আছে। গতকাল পর্যন্ত লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা গতকাল বলেন, লাশ নেওয়ার জন্য স্বজনেরা যোগাযোগ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে লাশ হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তিরা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সন্দেহভাজন সাইফুল ইসলাম চৌকিদার।

এদিকে জিম্মিদশা থেকে উদ্ধারের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডায় অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান গত রাত পর্যন্ত বাসায় ফেরেননি বলে জানা গেছে।

১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ওই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে সমন্বিত অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়। অভিযানের আগে-পরে উদ্ধার করা হয় দেশি-বিদেশি ৩২ জনকে।