বনানীতে পিস্তলের গুলিতে দম্পতি নিহতের ঘটনার তদন্তে পুলিশ দুটি বিষয় গুরুত্ব দিচ্ছে। সম্পত্তি বিক্রি ও ঘটনাস্থলে পাওয়া আলামতকেই প্রাথমিক তদন্তের ভিত্তি ধরে এগোচ্ছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গতকাল পর্যন্ত ওই ঘটনায় চার থেকে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ওই দম্পতির ফ্ল্যাটের গৃহকর্মী ফিরোজা বেগম, গাড়ির চালক ইসমাইল এবং ভবনের নিরাপত্তারক্ষীরা।
গত সোমবার রাতে বনানীর ডিওএইচএসের নিজ বাসায় আফসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আবদুর রব ও তাঁর স্ত্রী রোকসানা পারভীনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।এ ঘটনায় ওই রাতেই ক্যান্টনমেন্ট থানায় একটি অপমৃত্যুর মামলা করেন আবদুর রবের ছোট ছেলে নাইম আহমেদ। মামলায় পারিবারিক দ্বন্দ্বকে ওই দুজনের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গুলশান-২– এ ৯৫ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়িটি আবদুর রবের পৈতৃক বাড়ি। এই বাড়ি বিক্রির জন্য দুই বৃহৎ প্রতিষ্ঠানের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। তবে স্ত্রী রোকসানা পারভীনের বাধার কারণে বাড়িটি বিক্রি করতে পারছিলেন না আবদুর রব।’
তবে আবদুর রবের পরিবারের আরও কোনো সদস্যের এ বিষয়ে আপত্তি ছিল কি না, সে ব্যাপারে ওসি আতিকুর রহমান কিছু জানাননি। অবশ্য তিনি জানান, এসব বিষয়কে গুরুত্ব দিয়ে অপমৃত্যুর মামলাটি তদন্ত করা হচ্ছে।
‘অপমৃত্যু’ হিসেবে মামলাটি নেওয়া প্রসঙ্গে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক আলামত হিসেবে যা পাওয়া গেছে, তার ভিত্তিতেই অপমৃত্যুর মামলাটি নেওয়া হয়। কারণ, আবদুর রবের নিজের পিস্তল থেকেই গুলি বের হয়েছে।’
আবদুর রবের পিস্তল দিয়ে অন্য কেউ গুলি চালানোর বিষয়টিও ডিসি লুৎফুল কবির উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ফরেনসিক রিপোর্ট থেকে আরও অনেক কিছু জানতে পারব।’ তিনি আরও জানান, অপমৃত্যুর এই মামলার তদন্ত কার্যক্রম ক্যান্টনমেন্ট থানা পুলিশই চালিয়ে যাবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আবদুর রব ও রোকসানা পারভীনের লাশ সোমবার দিবাগত রাত তিনটার পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ দুজনের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রোকসানার বুকের ডান পাশে গোলাকার ও পিঠের ডান পাশে গভীর ছিদ্র রয়েছে। আবদুর রবের ডান কানের নিচে গোলাকার ছিদ্র রয়েছে, যা বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। এগুলো গুলির চিহ্ন বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
আবদুর রবের ছেলে নাফিস আহমেদ জানান, ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে আবদুর রব-রোকসানা পারভীনের লাশ গুলশানে পৈতৃক বাসায় নেওয়া হয়। বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁদের মরদেহ দাফন করা হয়।