তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার এক বছরেও এই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের কেউ গ্রেপ্তার হয়নি। মামলাটি তদন্ত করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গত বছরের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে সুধীজন পাঠাগারের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে ত্বকী এ লেভেল পরীক্ষা দিলেও ফল প্রকাশের আগেই তাকে হত্যা করা হয়। লাশ উদ্ধারের দিনে প্রকাশিত ফলে সে রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিষয়ে সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।
এ ঘটনায় রফিউর রাব্বি ৬ মার্চ রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ৮ মার্চ রাতে একই থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা না হলেও তিনি অভিযোগ করেন, তাঁর বর্তমান ও বিগত সময়ের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনে ক্ষুব্ধ কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে ত্বকীকে খুন করেছে। এর সপ্তাহ খানেক পর তিনি সন্দেহভাজন খুনি হিসেবে কয়েকজনের নামের তালিকার একটি অবহিতকরণপত্র জেলা পুলিশ সুপারকে দেন। এই তালিকায় আওয়ামী লীগের বর্তমান সাংসদ শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ভূইয়া ওরফে ক্যাঙ্গারু পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওরফে সুজন, সহসভাপতি রাজীব দাস, অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী রিফাত বিন ওসমান, সালেহ রহমান ওরফে সীমান্তর নাম ছিল।
রফিউর রাব্বি বলেন, ‘তদন্তে বর্তমানে দৃশ্যমান অগ্রগতি নেই। আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারলে যেকোনো খুনের আসামিদের আইনের আওতায় আনা সম্ভব। আমি এখনো র‌্যাবের প্রতি আস্থা রাখতে চাই। নারায়ণগঞ্জের প্রত্যেক মানুষ জানে ত্বকীকে কারা, কেন হত্যা করেছে।’
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার গতকাল বুধবার বলেন, র‌্যাব গুরুত্ব সহকারে ত্বকী হত্যা মামলার তদন্ত করছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। হত্যা-রহস্য শিগগির উন্মোচিত হবে।
মামলাটি প্রথম তদন্ত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রিফাত, সীমান্ত (হাজি রিপনের ছেলে) ও জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ইউসুফ হোসেন ওরফে লিটনকে গ্রেপ্তার করে। লিটন পরে জামিনে মুক্তি পান।
পুলিশের তদন্তে অগ্রগতি না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে জুন মাসে হাইকোর্ট মামলাটি তদন্তের জন্য র‌্যাবে হস্তান্তরের নির্দেশ দেন। তদন্ত শুরু করে র‌্যাব প্রথমে গ্রেপ্তার করে ইতিপূর্বে জামিনে মুক্তি পাওয়া লিটনকে। মাদক মামলায় গ্রেপ্তার লিটন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ত্বকী হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য দেন। ওই জবানবন্দির ভিত্তিতে র‌্যাব জুলাইয়ে জামতলায় সীমান্তর বাসায় অভিযান চালায়। ৭ আগস্ট র‌্যাব কলেজ রোডে আজমেরী ওসমানের নির্যাতনকেন্দ্রে অভিযান চালিয়ে বস্তাভর্তি নাইলনের রশি, রক্তাক্ত জিনসের প্যান্ট, রক্তমাখা দুটি গজারির লাঠি উদ্ধার করে। দেয়াল ও শোকেসে অসংখ্য গুলির আলামত জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নির্যাতনকেন্দ্রে অভিযানের পর শামীম ওসমান বিভিন্ন সভা-সমাবেশে র‌্যাবের বিরুদ্ধে বিষোদগার করেন। ওই অভিযানের পরপর র‌্যাব-১১-এর পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামে বদলি করা হয়। এরপর র‌্যাবের হাতে গ্রেপ্তার হন আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ওরফে ভ্রমর। ভ্রমর ১২ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, ৬ মার্চ আজমেরীর নেতৃত্বে তাঁর নির্যাতনকেন্দ্রে নির্মম নির্যাতন চালিয়ে ত্বকীকে খুন করা হয়। ৬ মার্চ রাতেই ত্বকীর লাশ একটি ব্যাগে ভরে টয়োটো এক্স ফিল্ডার গাড়িতে তুলে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। গত মাসে গ্রেপ্তার করা হয় সাইফুদ্দিন আহমেদ ওরফে জ্যাকিকে।
গ্রেপ্তার পাঁচজনই কারাগারে আটক আছেন। তবে বাসা থেকে বের হওয়ার পর কারা, কীভাবে ও কোথা থেকে ত্বকীকে অপহরণ করে ওই নির্যাতনকেন্দ্রে নিয়ে গেল, সেই রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
র‌্যাবের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-নারায়ণগঞ্জপথে পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও বর্ধিত বাস ভাড়া কমানোর আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে জনমত গঠন করায় রফিউর রাব্বির ওপর চরম ক্ষুব্ধ হয় একটি পরিবার। মূলত তাঁকে শায়েস্তা করতেই ত্বকীকে অপহরণ ও নির্যাতন করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে চেষ্টা করেও ওসমান পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য শুরু থেকেই তিন ভাই শামীম, নাসিম ও সেলিম ওসমান সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ও বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের নির্দোষ দাবি করছেন। শুরুতে তাঁরা দাবি করেছিলেন, জামায়াত-শিবির ত্বকীকে খুন করেছে। তবে নাসিম ওসমান ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক সমাবেশে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ত্বকীকে হত্যার অভিযোগে শিগগির এক কালো মহিলা গ্রেপ্তার হবে।’ সর্বশেষ গত সপ্তাহে শামীম ওসমান চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশে বলেন, ‘ত্বকী হত্যা মামলায় আমাদের কিছুই হবে না।’
মেধাবী ছাত্র ত্বকী হত্যা নারায়ণগঞ্জের মানুষকে ব্যাপক নাড়া দেয়। তাঁরা রফিউর রাব্বিকে আহ্বায়ক করে প্রতিষ্ঠা করেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ত্বকী মঞ্চ গত বছর এপ্রিল থেকে প্রতি মাসের ৬ থেকে ৮ তারিখের মধ্যে হত্যাকাণ্ডের বিচার দাবিতে চাষাঢ়া মোড়ে শহরের প্রধান শহীদ মিনার চত্বরে নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচি থেকে ওসমান পরিবারের কাউকে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন না দিতে দলগুলোর প্রতি আহ্বান জানানো হলেও শামীম ওসমান আওয়ামী লীগের ও নাসিম ওসমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রফিউর রাব্বি অভিযোগ করেন, ৮ জানুয়ারি শামীম ওসমানের অনুগত ছাত্রলীগের বাধার কারণে শহীদ মিনারে ত্বকী মঞ্চের পূর্বঘোষিত আলোচনা সভা ও আলোক প্রজ্বালন অনুষ্ঠান করা যায়নি।
ত্বকী হত্যার এক বছরের কর্মসূচি ৬ মার্চ (আজ বৃহস্পতিবার) সকাল আটটায় ত্বকীর কবর জিয়ারত দিয়ে শুরু হবে। ৭ মার্চ বিকেল চারটায় ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ত্বকীর লেখা নিয়ে বই এবং ত্বকীকে নিয়ে স্মারকগ্রন্থ জনান্তিকে ত্বকী প্রকাশনা অনুষ্ঠান। ৮ মার্চ বিকেল চারটায় নারায়ণগঞ্জের শহীদ মিনারে মা ও শিশু সমাবেশ।