তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই
সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলেও খুনিদের শনাক্ত এবং তাদের হত্যা পরিকল্পনা উদ্ঘাটনে জোরেশোরে কাজ চালিয়ে যাওয়ার দাবি করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, মুঠোফোন ট্র্যাকিং, সিসি ক্যামেরার দৃশ্য পর্যবেক্ষণ ও ইন্টারনেটে সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য বিনিময় ইত্যাদি খতিয়ে দেখার মাধ্যমে অনন্ত হত্যারহস্যের জট খোলার জোর চেষ্টা চলছে। তবে খুব শিগগির খুনিদের পরিচয় জানা সম্ভব হচ্ছে না বলে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আভাস দিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলাপে জানা গেছে, গত শুক্রবার থেকে মুঠোফোন ট্র্যাকিং শুরু করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার অনন্তর কর্মস্থল পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। অনন্তকে চিনতে খুনিরা তাঁর কর্মস্থলে গিয়েছিল কি না, অনুসন্ধান করতেই এই ফুটেজ সংগ্রহ করা। এ বিষয়টিকেই তদন্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বেরিয়ে সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে পৌঁছার পর অনন্তকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী চারজন দুর্বৃত্ত। রাতেই মহানগর পুলিশের বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
এদিকে অনন্ত হত্যায় জড়িত কাউকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গণজাগরণ মঞ্চের কয়েকজন সংগঠক এবং অনন্তর স্বজনেরা। তাঁদের অভিযোগ, খুনিদের শনাক্ত করতে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে।
গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, ‘রাষ্ট্র চাইলে পারে না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। একের পর এক মুক্তমনা মানুষ হত্যার বিষয়ে সরকারের নির্লিপ্ততা আমাদের ভাবিয়ে তুলছে। অনন্তর খুনিদের শনাক্ত করতে পুলিশ কূলকিনারা পাচ্ছে না—এটি অসমর্থনযোগ্য।’
অনন্তর বড় বোনের স্বামী ও সিলেট কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমরবিজয় সী শেখর বলেন, ‘এত দিন পার হলেও খুনিরা শনাক্ত হয়নি। আমরা দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং তাদের বিচারের আওতায় দেখতে চাই।’
চার দিন পার হলেও খুনিদের পরিচয় উদ্ঘাটন না হওয়াটা পুলিশের ব্যর্থতা কি না—এ প্রশ্নের জবাবে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, ‘তদন্তে পুলিশের ধীরগতি হচ্ছে, ঠিক নয়। যেহেতু খুনিদের কেউ দেখেনি, তাই তাদের পরিচয় উদ্ঘাটন একটু কঠিনই। দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে না পড়লেও তদন্ত এগিয়েই চলছে। পুলিশ তৎপরতা চালাচ্ছে। তাই সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’
কর্মসূচি: অনন্ত বিজয় হত্যার প্রতিবাদে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ এক যৌথ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে জানানো হয়, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার বিকেল পাঁচটায় নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
একই দাবিতে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল করবে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, বেলা তিনটায় এ কর্মসূচি শুরু হবে।
সাংসদের সমর্থকদের বিক্ষোভ: অনন্ত হত্যাকাণ্ড নিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের সরকারদলীয় এক সাংসদের কর্মী-সমর্থকেরা। সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত ‘সিলেটবাসী’ ব্যানারে এই মিছিল হয়।
উল্লেখ্য, ফেসবুকে অনন্তর সর্বশেষ স্ট্যাটাস ছিল ওই সাংসদের একটি কটূক্তির প্রতিক্রিয়া জানিয়ে। মুহম্মদ জাফর ইকবালকে জড়িয়ে তাঁর এ কটূক্তিতে অনন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। পরদিন শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভে জাফর ইকবাল ব্লগার ও লেখক হত্যাকাণ্ড নিয়ে সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা করেন।