
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার তদন্তে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ১১ দিনেও এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ বের করতে পারেননি তদন্তকারীরা।
মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাজধানীর গুলশান এলাকার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ ও নিহত সিজারের জব্দ করা মোবাইল ফোন, ওই এলাকার মোবাইল ফোনের টাওয়ার ব্যবহার, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে কিছু সূত্র পাওয়া গেছে। এগুলো বিশ্লেষণ করে তিন মোটরসাইকেল আরোহীসহ সন্দেহভাজন ২০ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে সিজারের হত্যাকারীদের শনাক্ত করার মতো কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুনিদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দারা সমন্বিতভাবে কাজ করছেন। এখন পর্যন্ত মামলায় বলার মতো কোনো অগ্রগতি নেই।
সিজারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে আছে। তাঁর মরদেহ এক সপ্তাহের মধ্যে ইতালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ইতালীয় দূতাবাস।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে সিজারকে গুলি করে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।