তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার ৩৩ দিন পরও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার খুলনা ও দিনাজপুরে সাংবাদিক সমাবেশ হয়েছে। একই দাবিতে ১৮ মার্চ ঢাকায় সাংবাদিকেরা মহাসমাবেশের কর্মসূচি দিয়েছেন।রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে গত ১১ ফেব্রুয়ারি সকালে সাগর-রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। ঘটনার দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তদন্তে ‘প্রণিধানযোগ্য অগ্রগতির’ কথা বলেছিলেন। এরপর ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, হত্যার ‘মোটিভ’ নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই বলা হচ্ছে না।২৮ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। হাইকোর্ট তদন্তে অগ্রগতির সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধরনের বক্তব্য গণমাধ্যমে না দিতে পুলিশের প্রতি নির্দেশ দেন। এর পর থেকে এই মামলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না পুলিশের কর্মকর্তারা। তদন্তের কোনো অগ্রগতিও দেখা যাচ্ছে না।সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকেরা ঢাকাসহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে কয়েক দফা কর্মসূচি পালন করেছেন।আমাদের খুলনা প্রতিনিধি জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে গতকাল বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন কেইউজের সভাপতি মকবুল হোসেন।সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে আমরা সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হয়েছি। বিগত ২০ বছরের অনৈক্যের ফলে আমরা অনেক রক্ত দিয়েছি, মর্যাদা হারিয়েছি। আর হারাতে চাই না।’বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য সাংবাদিকদের ঐক্য, দলীয় ঐক্য নয়। কোনো ভয় দেখিয়ে লাভ হবে না।’স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে ১৮ মার্চ ঢাকার সমাবেশ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, সাংবাদিক নেতা লিয়াকত আলী, বেগম ফেরদৌসী আলী, আলী আহমেদ, শেখ আবু হাসান, এ কে হিরু, এস এম জাহিদ হোসেন, ফারুক হোসেন, এস এম হাবিব, সাহেব আলী, হাসান আহমেদ মোল্লা ও সুবীর রায়। সমাবেশে খুলনাসহ বিভিন্ন জেলার সাংবাদিকেরা যোগ দেন।দিনাজপুর অফিস জানায়, সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাবেশে যোগ দেন রংপুর বিভাগের আট জেলা ও ৫৬ উপজেলার তিন শতাধিক সাংবাদিক। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আ হ ম আবদুল বারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দলাল দাস। তিনি বলেন, সাগর-রুনির হত্যাকাণ্ডে পুলিশ এক মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অন্য কোনো দেশ হলে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতেন।বিএফইউজের সহসভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ বলেন, গণমাধ্যমকে গুরুত্ব না দেওয়ার পরিণাম কোনো সরকারের জন্য কখনো শুভ হয়নি। কিন্তু সরকার এ ব্যাপারে ভ্রুক্ষেপ করছে না।সমাবেশে উত্তরাঞ্চল সাংবাদিক পরিষদের মহাসচিব কৃষ্ণ কুমার চাকী, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি গোকুল রায় ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন, সাংবাদিক নেতা এম এ করিম, ছবিকান্ত দেব, মো. আকরাম হোসেন, মো. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে চার দফা ঘোষণাপত্র পাঠ করেন প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার।