তদন্তে ধীরগতি, নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থীদের মারামারির ঘটনা তদন্তে গঠিত কমিটির কাজ ধীরগতিতে চলছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।এদিকে ঘটনার মূল কারণ চিহ্নিত করা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে—কর্তৃপক্ষের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ২৩ জুলাইয়ের আগে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সম্ভাবনা কম। নির্ভরযোগ্য একটি সূত্রও প্রথম আলোকে এ কথা জানিয়েছে।গত ১৯ জুন দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় দেশে প্রকৌশলবিদ্যা শিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরের দিন একটি তদন্ত কমিটি গঠন করে তাঁদের চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। বিশ্বকাপ ফুটবল দেখতে ক্লাস বন্ধের দাবির পক্ষে-বিপক্ষের মধ্যে ওই মারামারি হয়।তদন্ত কমিটির কাজে ধীরগতি: এ পর্যন্ত ২০ দিনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কাছ থেকে শুধু কিছু তথ্য সংগ্রহ করেছে কমিটি। সূত্র জানায়, কমিটির কাজ শুরু হয় মূলত গঠনের নয় দিন পর। ২৯ জুনের আগ পর্যন্ত উপাচার্য, সহ-উপাচার্য অনুষদের ডিনদের সঙ্গে দু-একটি সভা করেন। এ সময়ে কমিটির কাছে এসে তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিতেই ব্যস্ত ছিল কমিটি। রসায়ন বিভাগের অধ্যাপক মনিমুল হককে প্রধান করে গঠিত এ কমিটি নিয়েও প্রথম থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করে বুয়েট কর্তৃপক্ষ। এমনকি কমিটিতে কত জন সদস্য আছেন, বিশ্ববিদ্যালয়েরই অনেক কর্মকর্তাও তা জানেন না। এ গোপনীয়তার বিষয়ে কথা বলতে প্রথম আলোর পক্ষ থেকে গত মঙ্গলবার যোগাযোগ করা হলে কমিটির প্রধান অধ্যাপক মনিমুল হক কিছু বলতে রাজি হননি। কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে না পারলে তদন্তের স্বার্থে প্রয়োজনে আরও চার সপ্তাহ সময় নেওয়া হবে।’ এ বিষয়ে উপাচার্য এ এম এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থেই কমিটি গোপনীয়তার সঙ্গে কাজ করছে।’ দ্রুততম সময় কবে?: সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে উপাচার্যের দপ্তরে শিক্ষাবর্ষ পর্যালোচনা সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। গত ১৯ জুন বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর উপাচার্য ও সহ-উপাচার্য জানিয়েছিলেন, মারামারির ঘটনার মূল কারণ চিহ্নিত করা এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ‘দ্রুততম সময়ে’ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। উপাচার্য এ এম এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’ কিন্তু তদন্তকাজের ধীরগতি এবং কমিটি-প্রধানের ভাষ্যমতেই তাঁদের আরও সময় লাগার সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয় শিগগিরই খোলার ব্যাপারটি স্পষ্টতই অনিশ্চিত।উপাচার্য এ এম এম শফিউল্লাহ কিছুটা হতাশার সঙ্গে বলেন, গত কয়েক বছরে যতবারই বুয়েট বন্ধ হয়েছে, তার বেশির ভাগই হয়েছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা পেছানোর দাবিকে কেন্দ্র করে। ...অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় পরীক্ষা এগিয়ে আনার জন্য আন্দোলন হয়। আর বুয়েটে নিয়মিতই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন হচ্ছে।