চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি জিপ বিচূর্ণ হয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাত কর্মকর্তা-কর্মচারী হতাহত হওয়ার ঘটনার জন্য রেল ও প্রগতির পৃথক তদন্ত প্রতিবেদনে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনার জন্য তারা পরস্পরকে দায়ী করেছে।দুর্ঘটনার জন্য রেলের আলাদা তিনটি তদন্ত প্রতিবেদনেই প্রগতির জিপচালক মোরশেদকে দায়ী করা হয়েছে। অন্যদিকে, প্রগতির প্রতিবেদনে মোরশেদকে নির্দোষ দাবি করা হয়েছে। এই প্রতিবেদনে দুর্ঘটনার জন্য রেলের লেভেল ক্রসিংয়ের পাহারাদারের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে। রেল বিভাগের গঠিত তিনটি তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হয়েছে, জিপচালক মোরশেদ ডানে-বাঁয়ে না দেখে দ্রুতগতিতে লেভেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বলা হয়, মোরশেদ ওই জিপের নিয়মিত চালক নন, তিনি ছিলেন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন মেকানিক। চালকের পরিবর্তে তাঁকে দিয়ে জিপ চালানো হচ্ছিল। প্রগতির প্রতিবেদনে বলা হয়, ‘মোরশেদ বৈধ লাইসেন্সধারী দক্ষ চালক। রেলের ওই লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত পাহারাদার না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে পাহারাদার আবুল হোসেন পলাতক থাকায় এটা স্পষ্ট যে দুর্ঘটনার জন্য তিনিই দায়ী ছিলেন।’ প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, মোরশেদ মেকানিক হলেও তিনি নিয়মিত কারখানার গাড়ি চালাতেন। তাঁর ড্রাইভিং লাইসেন্সও আছে। কাজেই অদক্ষ চালক বিবেচনায় এনে তাঁকে কোনোভাবেই দুর্ঘটনার জন্য দায়ী করা যায় না। মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ওই রেললাইনে পালাক্রমে একজন করে ২৪ ঘণ্টায় মোট তিনজন পাহারাদার নিয়োগ করার জন্য প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেল কর্তৃপক্ষকে অগ্রিম বেতন দিয়ে থাকে। কিন্তু রেল কর্তৃপক্ষ দুজন পাহারাদার নিয়োগ করে। প্রগতির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোনো পাহারাদার ছিলেন না। সেখানে দোকানপাট ও গাছগাছালির কারণে চলন্ত ট্রেন দেখতে না পেয়ে জিপচালক সহজেই রেললাইনের ওপর উঠে আসেন এবং দুর্ঘটনার শিকার হন।রেলের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনড্যান্ট মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী লেভেল ক্রসিং অতিক্রমের আগে যেকোনো গাড়ির চালক ডানে-বাঁয়ে দেখে রেললাইনে ওঠেন। কিন্তু প্রগতির সেই চালক নিয়মিত চালক না হওয়ায় ডানে-বাঁয়ে না দেখেই দ্রুতগতিতে জিপটি নিয়ে রেললাইনে উঠে আসেন।তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মো. বেলাল উদ্দিন বলেন, লেভেল ক্রসিংয়ে রেলওয়ে নিয়োজিত পাহারাদার পশ্চিম পাশের বাঁশ ফেলে পূর্ব পাশের বাঁশ ফেলার জন্য আসছিলেন। কিন্তু তিনি আসার আগেই প্রগতির জিপ রেললাইনে উঠে পড়ে। কাজেই লেভেল ক্রসিংয়ের পাহারাদারকে দুর্ঘটনার জন্য কোনোভাবেই দায়ী করা যায় না। গত বুধবার বেলা ১১টার দিকে প্রগতির সাতজন কর্মকর্তা-কর্মচারী বহনকারী একটি একটি জিপ ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিচূর্ণ হয়। ওই জিপে থাকা লোকজনের মধ্যে চালকসহ পাঁচজন মারা যান এবং আহত হন দুজন।