তদন্তে প্রভাবশালীদের নাম এলে আইনের আওতায় আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দেশের প্রচলিত আইনের দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা ছাড় পেয়ে যায়। তাদের দ্রুত আইনের অধীনে আনা যায় না।গতকাল রোববার দুপুরে হবিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণবিষয়ক জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ওই কথা বলেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, পদ্মা সেতুর দুর্নীতির চেষ্টার অভিযোগ থেকে কেন সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসানকে ছাড় দেওয়া হলো। জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘রাজনীতিবিদদের এ অভিযোগ থেকে ছাড় দেওয়া হয়নি। তদন্তে যত প্রভাবশালী ব্যক্তির নাম আসুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।’ গোলাম রহমান বলেন, ‘অনেক কিছুর তামাদি হয়। তবে দুর্নীতি তামাদি হয় না। কাজেই রাজনীতিবিদেরা কোনো দুর্নীতি করে পার পেতে পারবেন না। তাঁদের বিচার তিন আদালতে হবে। প্রথমত, জনতার আদালত; দ্বিতীয়ত, জাগতিক আদালত অর্থাৎ বিচারিক আদালত এবং সর্বশেষ আখেরাতের আদালতে।’ দুদক চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আজ হোক, কাল হোক দুর্নীতি কমবেই। আইন ও শাস্তি দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। এর জন্য মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মেজর আক্তারুজ্জামান খান, হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াদুদ, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খিসা, সিভিল সার্জন সফিকুর রহমান প্রমুখ। সভায় নতুন প্রজন্মের নৈতিক শিক্ষার জন্য পাঠ্যপুস্তকে দুর্নীতিবিষয়ক পাঠ রাখার দাবি জানান আলোচকেরা। পাশাপাশি দুর্নীতি রোধে রাজনৈতিক দলগুলোকে নীতিমালা ও গঠনতন্ত্র অনুসরণের আহ্বান জানানো হয়। পরে দুদক চেয়ারম্যান স্থানীয় সার্কিট হাউসে জেলা ও উপজেলা দুর্নীতি দমন কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।