তদন্তে বছর পার হলেও অভিযোগপত্রে ‘ভুল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথে গত বছরের ২২ এপ্রিল আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলার তদন্ত শেষ করতে প্রায় এক বছর কেটে গেছে পুলিশের। গত ৩০ এপ্রিল দুটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। তবে দুই মামলার অভিযোগপত্রে নানা ত্রুটি আর অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলায় আসামি নন, অথচ অভিযোগপত্রে বিএনপির এক নেতার নাম অব্যাহতি চাওয়া হয়েছে অভিযোগপত্রে। আবার আসামির তালিকায় থাকা একজনের নাম দুবার করে থাকায় অভিযোগপত্রেও তিনি দুবার অভিযুক্ত হয়েছেন। অভিযোগপত্রে এসব ত্রুটি-অসংগতিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।বিশ্বনাথ থানার সূত্র জানায়, গত বছরের ২২ এপ্রিল থানার সামনে সংঘর্ষ হয়েছিল। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে ২৫০ জনকে আসামি করে একটি মামলা এবং এসআই আবু সাঈদ বাদী হয়ে ২৫৩ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। দুটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। প্রায় এক বছর তদন্ত শেষে গত ২৪ এপ্রিল সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩০ এপ্রিল আদালতে দুটি অভিযোগপত্র নথিভুক্ত হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দুটি মামলার এজাহারে আসামির তালিকায় নাম না থাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খানকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ৫০৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মানিক মিয়া, বিশ্বনাথগাঁওয়ের বাসিন্দা রুবেল মিয়া, বিদায়সুলপানি গ্রামের হাবিব মিয়া, বদরুল মিয়া এবং সরিষপুর গ্রামের জমির মিয়ার নাম দুবার করে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় বিএনপির নেতা গৌছ খান যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। দুটি মামলার এজাহারে আসামির তালিকায় তাঁর নাম না থাকা সত্ত্বেও অভিযোগপত্রে তাঁকে অব্যাহতির সুপারিশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘পুলিশের এক বছরের তদন্তের পরও এমন ভুল থাকার মানে হচ্ছে সবই মিথ্যা।’ প্রধান অভিযুক্ত বিএনপির নেতা জালালউদ্দিন বলেন, ‘এতেই প্রমাণিত হয়, পুলিশ সরকারি দলের চাপে পড়ে যেনতেনভাবে আসামির তালিকা করেছে এবং একইভাবে তদন্তের নামে বছর পার করে অভিযোগপত্র দাখিল করেছে।’পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘গৌছ খান অন্য মামলায় অভিযুক্ত ছিলেন। ভুলক্রমে ওই মামলায় থাকা তাঁর নাম অভিযোগপত্রের কপিতে চলে এসেছে। ঘটনার সময় তিনি দেশের বাইরে থাকার বিষয়ে পুলিশ নিশ্চিত ছিল বলে তাঁকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। আসলে বেশি আসামি থাকার কারণে কিছু ভুল হয়েছে। এসব সংশোধন করা হবে।’