তদন্তে বাদ পড়া ১২ জনেরও বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের পাঠানটুলায় প্রকাশ্যে কুপিয়ে ছাত্রদলের নেতা জিল্লুল হক হত্যা মামলার অভিযোগপত্র থেকে বাদ পড়া ছাত্রদলের ১২ নেতা-কর্মীসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্রের ওপর বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে বিচারক সাইফুজ্জামান হিরু গতকাল রোববার এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী তাহমিনা তাবাসসুম প্রথম আলোকে জানান, আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ৮ মে ধার্য করেছেন। ওই দিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে।
জিল্লুল হক ছাত্রদলের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। নগরের সুবিদবাজার এলাকায় বসবাস করতেন। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০১৪ বছরের ২৭ জুন পাঠানটুলা মোড়ে তাঁকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিল্লুলের বড় ভাই আহমেদ আহসান মাহবুব সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব কাদির শাহিসহ ২০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক কমর উদ্দিন ঘটনার প্রায় দেড় বছরের মাথায় তদন্ত সম্পন্ন করে গত বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার এজাহারে থাকা প্রধান আসামি মাহবুব কাদিরসহ ১২ জনের নাম বাদ দিয়ে আটজন ও নতুন করে আরও তিনজনসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার বাদী এজাহারে উল্লেখ থাকা ১২ আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় আদালতে নারাজি দেন। এতে অভিযোগপত্রভুক্ত ১১ আসামির সঙ্গে বাদ দেওয়া ১২ জনকে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে গতকাল এ-সম্পর্কিত আদেশ হয়।