তদন্তে ভাটা, র্যাব তাকিয়ে ডিএনএ প্রতিবেদনের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কার্যত থেমে গেছে। বহুল আলোচিত এ মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব ছয় মাসের বেশি সময় ধরে বলতে গেলে তদন্ত বন্ধ রেখেছে।
র‌্যাবের তদন্ত কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো হত্যার আলামত থেকে ডিএনএ (বংশগতির ধারক) প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন তাঁরা। এ হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য এ ছাড়া আর কোনো সূত্রের সন্ধান তাঁরা এখনো পাননি। দেড় বছরের বেশি আগে যুক্তরাষ্ট্রে এ আলামত পাঠানো হয়েছিল।
কিন্তু ডিএনএ প্রতিবেদনের সাহায্যে এ মামলার আসামি শনাক্ত করা প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, দেশে পেশাদার অপরাধীদের কোনো ডিএনএ তথ্যভান্ডার নেই। ফলে এ ডিএনএ নমুনা কার সঙ্গে বা কতজনের সঙ্গে মিলিয়ে আসামি শনাক্ত করা যাবে, সে প্রশ্নের কোনো সহজ জবাব নেই।
পুলিশের পরিদর্শক থেকে পুলিশ সুপার পর্যন্ত বিভিন্ন ধাপের অন্তত ছয়জন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু ডিএনএ পরীক্ষার ভিত্তিতে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হত্যা মামলার আসামিকে শনাক্ত করা হয়নি। তবে সন্দেহভাজন আসামিকে ধরে তাঁর ডিএনএ পরীক্ষা করে ঘটনাস্থলে তাঁর উপস্থিতির প্রমাণ নিশ্চিত হওয়া গেছে কয়েকটি মামলায়। তাঁদের মতে, বাংলাদেশের বাস্তবতায় শুধু ডিএনএ পরীক্ষার সূত্র ধরে অপরাধী শনাক্ত আদৌ সম্ভব কি না, সে বিষয়েও সন্দেহ আছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। প্রথমে মামলা তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬২ দিনের মাথায় হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালতের নির্দেশে তদন্তভার নেয় র‌্যাব। তারা ভিসেরা পরীক্ষার জন্য সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলন করে। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহত দম্পতির শিশুপুত্র মাহীর সরওয়ারের সঙ্গে দফায় দফায় কথা বলে। জিজ্ঞাসাবাদ করে শতাধিক ব্যক্তিকে।
র‌্যাব সূত্র জানায়, তাদের এসব চেষ্টা বৃথা যেতে বসেছে। গত বছরের মাঝামাঝি থেকে র‌্যাব বলা শুরু করে, নিরাপত্তাকর্মী এনামুলকে গ্রেপ্তার করা গেলেই সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এনামুলও গ্রেপ্তার হয়েছেন, কিন্তু রহস্যের কোনো কিনারা হয়নি।
পুলিশ ও ডিএনএ গবেষণাগার-সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঘটনাস্থল থেকে অবিকৃত বা তাজা অবস্থায় রক্ত বা অন্যান্য উপাদান সংগ্রহ করা গেলে এগুলো থেকে ডিএনএ নমুনা বের করা অনেক সহজ হয়। কিন্তু সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রায় ৭০ দিন পরে র‌্যাব ওই ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করে। তত দিনে ওই ঘরে আরও বহু মানুষের পা পড়েছে। ঘটনার এত দিন পরে এবং অপরাধস্থলে এর পরে আরও বহু মানুষের উপস্থিতি আলামতগুলোকে দূষিত করেছে। তাই ওই ফরেনসিক আলামতের ব্যবহারযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
তবে র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সাগর-রুনির রক্তমাখা জামাকাপড়. বঁটি, মোজা ইত্যাদি কিছু আলামত পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ ফরেনসিক আলামত সংগ্রহকারীরা ওই ঘর থেকে আরও কিছু আলামত সংগ্রহ করেছিলেন। যদিও পাঠানোর সময়ই এ আলামতগুলোতে লেগে থাকা রক্ত শুকিয়ে কালচে হয়ে গিয়েছিল।
র‌্যাবের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলছেন, ওই গবেষণাগারটি এ ধরনের আলামত থেকে ডিএনএ নমুনা বের করতে পারে বলেই অনেক অর্থ ব্যয় করে তাদের এ কাজটি করতে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা ওই সব নমুনা থেকে দুজনের পূর্ণাঙ্গ ডিএনএ-বৃত্তান্ত উদ্ধার করেছে। যেগুলো সন্দেহভাজন হত্যাকারীর বলে সন্দেহ র‌্যাবের। ওই দুই ব্যক্তির ডিএনএ-বৃত্তান্তের সঙ্গে মিলিয়ে দেখার জন্য ওই হত্যা মামলায় গ্রেপ্তার আটজনের ডিএনএ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলো মেলেনি। পরে আরও কিছু আলামত পাঠানো হয়েছিল। সেগুলো পরীক্ষা করতে অনেক সময় নিচ্ছে গবেষণাগারটি।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, তাঁরা যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে ডিএনএ প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁরা আশায় রয়েছেন।
পুলিশ ও ডিএনএ গবেষণাগার-সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু বাংলাদেশে অপরাধীদের কোনো ডিএনএ তথ্যভান্ডার নেই, তাই এ মুহূর্তে র‌্যাবের পাওয়া ওই দুজন সন্দেহভাজনের ডিএনএ থেকে ব্যক্তিদের শনাক্তকরণের সুযোগ নেই বললেই চলে।
এ ডিএনএ প্রতিবেদনের আশায় বসে থাকা ছাড়া র‌্যাব এ মামলার আর অন্য সব তদন্ত বন্ধ করে দিয়েছে বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো কূলকিনারা করতে না পেরে তাঁদের কর্মকর্তারা এখন ত্যক্ত-বিরক্ত।
গবেষণাগার-সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে ডিএনএ প্রযুক্তির ব্যবহারকে আরও সহজতর ও ব্যবহারযোগ্য করেছে যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত সংস্থা এফবিআই উদ্ভাবিত কোডিস সিস্টেম। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ডিএনএ গবেষণাগারে এ কোডিস (কম্বাইন্ড ডিএনএ ইনডেক্স সিস্টেম) সংযুক্ত হয়েছে। এ বিশেষ সফটওয়্যার একই সঙ্গে ডিএনএ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ করবে এবং ডিএনএ তথ্যভান্ডার (ডেটাবেইস) গড়বে।
এফবিআইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে ২৫ হাজার মামলা উদ্ঘাটনে কোডিসের সাহায্য নেওয়া হয়েছে। কোডিসের তথ্যভান্ডারে রক্ষিত অপরাধীদের নমুনার সঙ্গে অপরাধ সংঘটনস্থল থেকে নেওয়া আলামতের ডিএনএ মিলিয়ে অপরাধী শনাক্ত করা হয়। দেশে ডিএনএ পরীক্ষার ভিত্তিতে কোনো অপরাধীকে শনাক্ত করা হয়েছে কি না, জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত বাংলাদেশের একমাত্র ডিএনএ (আইনি কাজে ব্যবহারের ক্ষেত্রে) গবেষণাগার ‘ন্যাশনাল ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব’—এর প্রধান শরীফ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, গত সাত বছরে এ গবেষণাগারে অনেক পরীক্ষা হয়েছে। তবে অপরাধী শনাক্তকরণের বিষয়টি তদন্তকারীরা বলতে পারবেন।
টেলিফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক সাগর সরওয়ারের মা সালেহা মনির গত রাতে প্রথম আলোকে বলেন, ‘এত দিন আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু এখন আমি হতাশ। নতুন সরকার আসছে। দেখা যাক, তারা কী করে।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, এই বিচার না হওয়ার দায় রাষ্ট্র এবং সরকারকে নিতে হবে। তারা যদি দেশের সাধারণ নাগরিকও হন, তাহলে তাদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিক হিসেবেও তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু দেখা গেছে, ফরিদপুরের গৌতম দাস ছাড়া এ পর্যন্ত আর কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। একটি ঘটনার বিচার না হলে আরেকটি অপরাধ করতে অপরাধীরা উৎসাহী হয়।
অযথা কারাবাস: এ মামলায় এখন পর্যন্ত মোট আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী এনামুল, পলাশ রুদ্র পাল এবং নিহত দম্পতির বন্ধু তানভীর রহমান। এঁদের মধ্যে প্রথম পাঁচজনই গত বছরের আগস্টে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র হত্যার ঘটনায় র‌্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন।
কর্মকর্তারা জানান, এ আটজনের কারও বিরুদ্ধে সাগর-রুনি হত্যায় জড়িত থাকার প্রমাণ মেলেনি। কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেননি।
পলাশ ও তানভীর গত সেপ্টেম্বর থেকে কারাভোগ করছেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই। ফেব্রুয়ারিতে এঁদের সঙ্গে যোগ হয়েছেন এনামুল।
তানভীরের বাবা মাহাবুবুর রহমান বলেন, ‘আমার ছেলেটার জীবন বিপন্ন হচ্ছে। কিন্তু ছয় মাসের বেশি সময় পার হলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি র‌্যাব।’
পলাশের স্ত্রী ময়না বেগম বলেন, পলাশ না থাকায় দুই ছেলেকে নিয়ে তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন। শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি কোথাও তাঁর ঠাঁই মিলছে না।