তদন্তে সত্যতা, বদলি ও মামলা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগের চুক্তি সম্পর্কিত সংবাদের সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। এ কারণে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মতিনুর রহমানকে অন্যত্র বদলি ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়েছে।
২ এপ্রিল প্রথম আলোয় ‘চার লাখ টাকা চান শিক্ষক, প্রার্থী দিতে চান দেড় লাখ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাভেদ আখতারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
জাভেদ আখতার প্রথম আলোকে বলেন, ‘২০ এপ্রিল ঘটনা তদন্ত করা হয়েছে। ২ জুন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি।’ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় টাকার বিনিময়ে চুক্তির কথোপকথন নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু না হওয়ার ইঙ্গিত দেয়। চাকরিবঞ্চিত প্রার্থী মাহমুদুন্নবীর বাবা মমতাজুর রহমান ওই বিদ্যালয়ের দাতা সদস্য এবং মুক্তিযোদ্ধা। মানবিক দিক বিবেচনা করে মাহমুদুন্নবীর আবেদনটি বিবেচনা করা যেত। চাকরির জন্য টাকা দাবি করা চাকরিবিধির পরিপন্থী হওয়ায় মতিনুর রহমানকে অন্যত্র বদলিসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হলো।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক বলেন, শিগগিরই মতিনুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গোলাপগঞ্জ ইউনিয়নের হরিল্যাখুর শহীদ মিজানুর রহমান (এসএমআর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরির আবেদন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মমতাজুর রহমানের ছেলে মাহমুদুন্নবী। তাঁকে চাকির দেওয়ার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মতিনুর রহমান চার লাখ টাকা দাবি করেন। এ নিয়ে ৩০ জানুয়ারি সন্ধ্যায় মাহমুদুন্নবীর সঙ্গে মতিনুর রহমানের মুঠোফোনে চুক্তি হয়। মাহমুদুন্নবীর ওই কথোপকথন রেকর্ড করে রাখেন।
পরে ১৮ মার্চ মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। মন্ত্রী অভিযোগটি স্থানীয় সাংসদ শিবলী সাদিককে ‘গুরুত্ব দিয়ে’ দেখতে বলেন।