সন্তুষ্ট হলে দিগন্ত ও ইসলামিক টিভির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দিগন্ত ও ইসলামিক টেলিভিশন কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে দেখছি। তদন্তে সন্তুষ্ট হলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরের সার্কিট হাউস মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এ গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক ছিলেন ইনু। প্রধান অতিথি ছিলেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
এ দুই টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ প্রসঙ্গে ইনু বলেন, ‘ভিন্নমত দমন করা কিংবা সরকারের সমালোচনা করার জন্য আমরা এ দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করিনি। এই দুটি টেলিভিশন চ্যানেল দেশের একটি বিশেষ পরিস্থিতিতে দাঙ্গা সৃষ্টির জন্য উসকানি দিয়েছে। তাই সাময়িকভাবে এগুলোর সম্প্রচার বন্ধ করা হয়েছে।’

আলোচনায় অংশ নেন সাংসদ মঈন উদ্দিন খান বাদল, সংগঠনের মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।