
বগুড়ার শেরপুরে নিহত সাংবাদিক দীপংকর চক্রবর্তীর ছোট ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁর বাবার হত্যার ঘটনা তদন্তের নামে সময়ক্ষেপণ করেছেন একাধিক তদন্ত কর্মকর্তা। এ জন্য ১২ বছর পরও এ হত্যার কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
এক যুগ পরেও সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার বিচার না হওয়ায় গতকাল রোববার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ করা হয়। শেরপুর প্রেসক্লাব স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে এর আয়োজন করে। এ সময় বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান চালানো হয়।
২০০৪ সালের ২ অক্টোবর রাতে শেরপুর উপজেলা সদরের স্যানালপাড়ায় বাসার অদূরে দীপংকর চক্রবর্তীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি জেলা আওয়ামী লীগ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য ও ভবানীপুর মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
হত্যাকাণ্ডের পরদিন দীপংকর চক্রবর্তীর বড় ছেলে পার্থ সারথি চক্রবর্তী বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাংসদ হাবিবর রহমান বলেন, দীপংকর চক্রবর্তী সাদা মনের মানুষ ছিলেন। কেন এত দিনেও প্রকৃত খুনিরা চিহ্নিত হয়নি, তা নিয়ে তিনি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলবেন। শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, থানা বিএনপির সদস্যসচিব পিয়ার হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে দীপংকর হত্যার কারণ উদ্ঘাটন, খুনিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, তদন্ত নিয়ে সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। তাঁরা হত্যার ক্লু বের করার চেষ্টা করছেন।
এদিকে সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার সঠিক তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বগুড়ায় সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
বগুড়া শহরের সাতমাথায় গতকাল বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন।
সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, তানসেন আলম প্রমুখ।
পরে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।