তদন্তে সহযোগিতা করছে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশা দেশাই
নিশা দেশাই

গুলশানের রেস্তোরাঁয় ১ জুলাইয়ের সন্ত্রাসী হামলার তদন্তে বাংলাদেশকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরত এফবিআই সদস্যরা এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ঢাকা সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াভিত্তিক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে আলোচনার পর বাংলাদেশ কীভাবে এ সহযোগিতা নেবে, তা ঠিক করা হবে।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল বিকেলে তাঁর দপ্তরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
গুলশানের সন্ত্রাসী হামলার তদন্তকাজে বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ন্যান্সি ভ্যানহর্ন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ঢাকায় মার্কিন দূতাবাসে অবস্থানরত এফবিআই কর্মকর্তারা গুলশানের জঙ্গি হামলার তদন্তে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। এরই মধ্যে তাঁরা তদন্ত সহায়তায় যুক্ত হয়েছেন।
গুলশানে রেস্তোরাঁর বিয়োগান্ত ঘটনায় ৩ জুলাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তদন্তকাজে জরুরি ভিত্তিতে এফবিআইসহ মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন তিনি।
তিন দিনের ঢাকা সফরের প্রথম দিনে নিশা দেশাই প্রথমে পররাষ্ট্রসচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পদ্মায় অনুষ্ঠিত ওই আলোচনার সময় অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব শহীদুল হক।
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শহীদুল হক বলেন, সন্ত্রাসবাদ দমনে নিশা দেশাই বিশেষজ্ঞ সহযোগিতার যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনার পর বিস্তারিত জানানো যাবে। তবে এ সহযোগিতা তাঁরা কীভাবে দেবেন আর বাংলাদেশ তা কীভাবে নেবে, সে সম্পর্কে সোমবার (আজ) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হবে।
নিশা দেশাইকে উদ্ধৃত করে তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় গুলশানের ওই হামলার ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিদের জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমবেদনা জানান। নিশা দেশাই বলেন, ‘আমাদের বাংলাদেশি অংশীদারদের সঙ্গে আমরা শোক ভাগ করে নিয়েছি। আমরা বাংলাদেশের পাশে আছি এবং বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার সব সময়ের মতোই অটুট থাকবে।’
এদিকে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি বৈঠকে নিশা দেশাই বলেছেন, ‘আমাদের এই দুটি দেশকেই সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবিলা করতে হচ্ছে। এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।’
সাক্ষাতের সময় নিশা দেশাইয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ।
এদিকে দুই আলোচনায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পর ওয়াশিংটন যেসব সহযোগিতার কথা বলেছে, তা নিয়েই আলোচনা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। গুলশানের ওই রেস্তোরাঁর ঘটনাকে নতুন ধরনের অভিহিত করে উচ্চবিত্তের তরুণদের জঙ্গিবাদে ঝুঁকিতে পড়ার বিষয়ে নিশা দেশাই কিছুটা বিস্ময় প্রকাশ করেন। আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন যে নতুন নতুন কৌশল নিচ্ছে সেটি প্যারিস, অরল্যান্ডোসহ বিভিন্ন জায়গার হামলায় প্রমাণিত হয়েছে। তাই এ ধরনের জঙ্গি সংগঠনকে মোকাবিলায় ক্ষেত্রে কৌশল পরিবর্তনের তাগিদ দেন নিশা দেশাই।
বৈঠকে উপস্থিত অন্য একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন জঙ্গি হামলায় আইএসের সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বললেও গতকালের বৈঠকে তা আসেনি। সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা অভিহিত করে এই ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন নিশা।
এদিকে ইউএনবি জানায়, নিশা দেশাই বিসওয়াল গতকাল সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়েছে।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, নিশা দেশাইয়ের আগ্রহে আয়োজিত বৈঠকটি এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। সম্প্রতি বাংলাদেশে সংঘটিত কয়েকটি জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেন দুই কূটনীতিক। নিশা দেশাইয়ের সঙ্গে ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলা-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়। পরিস্থিতি উন্নয়নে দুই দেশ কীভাবে সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়।
নিশার আজকের কর্মসূচি: বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে নিশা দেশাই আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলোচনা করবেন।