তদন্তে ‘ব্যর্থতায়’ সৌদি আরবের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস পেরিয়ে গেলেও সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশ ‘ব্যর্থ হওয়ায়’ হতাশা প্রকাশ করেছে সৌদি সরকার। সৌদি সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীর বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ খবর ছেপেছে সে দেশের প্রভাবশালী দৈনিক আরব নিউজ। এদিকে খালাফ হত্যার তদন্তের বিষয়ে আলোচনা করতে সৌদি কর্মকর্তাদের আট সদস্যের প্রতিনিধিদল গতকাল ঢাকায় এসেছে। রাষ্ট্রাচারবিষয়ক সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আলাউদ্দীন আল আশকারীর বরাত দিয়ে আরব নিউজ লিখেছে, খালাফ হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা কারও নাম এখনো জানাতে পারেনি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আশকারী বলেন, ‘সৌদি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে গড়া একটি তদন্ত দল বাংলাদেশে গেছে। হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটাই আমাদের মূল লক্ষ্য।’ নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক সৌদি কর্মকর্তা পত্রিকাটিকে বলেছেন, বাংলাদেশের পুলিশ এখন পর্যন্ত খুনিদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। খুনি কারা, হত্যার পেছনে তাদের উদ্দেশ্যে কী ছিল, এসব ব্যাপারে বাংলাদেশের পুলিশের কাছে কোনো উত্তর নেই। আরব নিউজ-এর দাবি, সম্প্রতি রিয়াদ সফরের সময় খালাফ হত্যার তদন্তের ব্যাপারে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুসাইরিও তাঁর হতাশা প্রকাশ করেছেন। গত ৫ মার্চ রাতে সৌদি নাগরিক এবং ঢাকায় সে দেশের দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এখন পর্যন্ত খুনি কারা বা হত্যার পেছনে উদ্দেশ্য কী ছিল, তা বের করতে পারেনি পুলিশ।