ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান বলেছেন, ঘটনার তদন্তে এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি উঠে এসেছে।
দু-এক দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিটির প্রধান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার প্রথম আলোকে তিনি এ কথা জানান।
নাসিরনগরের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে সাখাওয়াত হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তদন্ত প্রায় শেষের দিকে। তদন্তে দেখা গেছে, এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বের সুযোগে তৃতীয় একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। ১০-১৫ জন জনপ্রতিনিধি পুলিশের বিশেষ নজরদারিতে রয়েছেন।
হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামসুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সামসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্তকাজ চলছে। শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এদিকে গতকাল বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান সমন্বয়ক এম এ মতিনের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন করে।
এদিনই দুপুরে নাসিরনগর পরিদর্শন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সংগঠনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মন্দির-বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়া হবে না। পরিদর্শন শেষে গৌর মন্দিরে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউসুফ হোসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম, নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আইনজীবী হোসনে আরা, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি সরোয়ার আলমসহ জেলা আইনজীবী সমিতির অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও চারজন গ্রেপ্তার: গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম থেকে আরও চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, নাসিরনগরের ঘটনায় এ পর্যন্ত পাঁচ মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওদিকে রসরাজ দাসকে গ্রেপ্তারের পর মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে। রসরাজ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে রসরাজ কয়েকজনের নাম বলেছেন ও ছবি পোস্টের বিষয় অস্বীকার করেছেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন পেলে তথ্য উদ্ঘাটন হবে।
ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা চালায় দৃর্বৃত্তরা। পরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের আরও পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে তারা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।