নারায়ণগঞ্জের সাত খুনের মামলার তদন্তের বিভিন্ন দিক নিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। বৈঠকে এখন পর্যন্ত মামলার সর্বশেষ অগ্রগতি, প্রাপ্ত তথ্যপ্রমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷
এ ছাড়া আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল গতকাল নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলেছেন। পুলিশের আর যাঁরা মামলার তদন্তের বিভিন্ন পর্যায়ে যুক্ত, তাঁদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে অপহৃত হন সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের ও পরদিন আরেকজনের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র গতকাল জানিয়েছে, সাতজনকে অপরহণ ও খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং এর পরিকল্পনাকারীদের বেশির ভাগকেই প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে৷ তবে পরিকল্পনা থেকে শুরু করে অপহরণ, হত্যা ও লাশ গুমের চেষ্টা—প্রতিটি পর্যায়ে আদালতে প্রমাণ করার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ এখনো জোগাড় করতে পারেনি পুলিশ৷ গতকাল পর্যন্ত এই মামলায় কারও কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করতে পারেনি পুলিশ৷
তবে দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত যতটুকু তথ্য, সাক্ষ্যপ্রমাণ মিলেছে, তাও কম নয়। তাই মামলাটির অভিযোগপত্র দিতে আর কী কী কার্যক্রম দরকার, তা নিয়ে গতকাল ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।
গতকাল পুলিশের ঢাকা রেঞ্জের একজন কর্মকর্তা বলেন, মামলাটি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মামলার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল নারায়ণগঞ্জের কর্মকর্তারা যেসব তথ্যপ্রমাণ ও অগ্রগতির কথা জানিয়েছেন, তাতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে আট দিনের রিমান্ড শেষে র্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর (অব.) আরিফ হোসেনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হতে পারে। দুই দফায় ১৩ দিনের রিমান্ডে আছেন এই দুই কর্মকর্তা। আরেক সাবেক কর্মকর্তা লে. কমান্ডার (অব.) এম এম রানা এখনো রিমান্ডে আছেন। গতকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদে তাঁদের কেউই সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে তারেক সাঈদ বলেছেন, ঘটনার সঙ্গে সাংসদ শামীম ওসমান ও নূর হোসেন জড়িত থাকতে পারেন।