তদন্তের অগ্রগতি না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনুর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে িভক্টোরিয়া কলেজের কলা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো
তনুর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর সহপাঠী ও কলেজের শিক্ষার্থীরা। ছবিটি গতকাল সকালে িভক্টোরিয়া কলেজের কলা ভবনের সামনে থেকে তোলা l প্রথম আলো
.
.

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে তাঁকে স্মরণ করেছেন পরিবার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, ইতিহাস বিভাগ ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। এর মধ্যে গণজাগরণ মঞ্চ আগামী ১০ দিনের মধ্যে তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখলে লাগাতার আন্দোলন করবে বলে জেলা পুলিশ সুপার ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেছে। গণজাগরণ মঞ্চ কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের একটি জঙ্গল থেকে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ উদ্ধার করা হয়। এরপর ওই হত্যাকাণ্ড, ময়নাতদন্ত প্রতিবেদন ও মামলার তদন্ত নিয়ে সারা দেশে সন্দেহ এবং তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘ সময়েও এ মামলার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কিংবা আসামি কারা, তা-ও শনাক্ত হয়নি। ধর্ষণের পর কারা তাঁকে হত্যা করেছে, সেটিও এখন পর্যন্ত অজানা রয়ে গেছে।
তনুর ছোট ভাই আনোয়ার হোসেন বলেন, ‘তনুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের আবাসিক কোয়ার্টার থেকে আমরা (মা-বাবাসহ) গ্রামের বাড়ি মুরাদগর উপজেলার পশ্চিম বাঙ্গুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে আসি। গতকাল সোমবার ভোরে ফজরের নামাজের পর তনুর কবর জিয়ারত করা হয়। এরপর দুপুরে মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।’
ভোরে ঘুম থেকে উঠে তনুর মা আনোয়ারা বেগম কান্নায় ভেঙে পড়েন। তনুর ছবি বুকে নিয়ে বিলাপ করতে করতে তিনি বলেন, ‘গত বছর ২০ মার্চ সকালে, দুপুরে, এমনকি বিকেল পর্যন্ত তনু আমার সঙ্গে ছিল। এরপর থেকে আমার মেয়ে নেই। এমন মেয়েকে কেমন করে ভুলি!’ আর তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘নানা চাপের মধ্যে আমরা বেঁচে আছি। আল্লাহ জানেন, বিচার পাব কি না।’
এ ছাড়া সকাল সাড়ে ১০টায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগে কলেজের মোতাহের হোসেন চৌধুরী ভবনের মহড়া কক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেন নাট্যকর্মীরা। এ পর্বে তনুকে নিয়ে কথা বলেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠকেরা কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও সিআইডি বরাবর স্মারকলিপি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, তনু হত্যার এক বছর পূর্ণ হওয়া সত্ত্বেও সিআইডি দৃশ্যমান কোনো তদন্তের অগ্রগতি জনগণের কাছে প্রকাশ করতে পারেনি। এ অবস্থায় আগামী ১০ দিনের মধ্যে মামলার কোনো অগ্রগতি না হলে ২ এপ্রিল সংবাদ সম্মেলন করে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে তনুর ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টায় কলেজের কলা ভবনের সামনে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেন।