
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা তদন্তে গঠিত কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে৷
আদালতের নির্দেশ অনুসারে ঘটনা তদন্তে গঠিত সাত সদস্যের কমিটির সদস্য ও আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান গতকাল সোমবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন৷ এতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে৷ তবে প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রমের অগ্রগতি জানিয়ে গত রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং এর আগে র্যাবের মহাপরিচালকের পক্ষে প্রতিনিধি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সংশ্লিষ্ট আইন কর্মকর্তার কাছে পৃথক প্রতিবেদন জমা দেন৷ বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল বুধবার প্রতিবেদন দাখিলের কথা৷
প্রতিবেদন জমা দেওয়ার পর মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিল, তা জমা দেওয়া হয়েছে৷ তদন্ত পূর্ণাঙ্গ করতে আরও চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে৷ সময় চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ যাবৎ ৩২৯ জনের সাক্ষ্য নিয়েছি, আরও সাক্ষ্য নেওয়ার প্রয়োজন আছে৷’ তদন্ত কোন পর্যায়ে—এমন প্রশ্নে তিনি বলেন, শেষ পর্যায়ে৷ তদন্তে অবশ্যই অগ্রগতি আছে৷
ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক প্রথম আলোকে বলেন, আইজিপি, র৵াবের মহাপরিচালক ও তদন্ত কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এসেছে৷ ৪ জুন হলফনামা করে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে৷
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ৫ মে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি কয়েকটি নির্দেশনাসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন৷ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়৷